নিজস্ব প্রতিবেদক | ১৫ এপ্রিল, ২০২৬
প্রতীকী ছবি
ভাইদের হাতে ধারাবাহিক নির্যাতন, ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর এবং পরে পুলিশের পক্ষ থেকে অভিযোগ প্রত্যাহারের জন্য চাপ ও হুমকি দেওয়ার অভিযোগ করেছেন ব্যবসায়ী হাজী মোহাম্মদ বোরহান উদ্দিন। সম্প্রতি এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি নিজের ও পরিবারের নিরাপত্তাহীনতার কথা জানান।
বোরহান উদ্দিনের অভিযোগ, পৈতৃক সম্পত্তির ন্যায্য হিস্যা থেকে তাঁকে বঞ্চিত করতে তাঁর ভাইয়েরা স্থানীয় জয়নাল মোল্লা, সোলায়মান ও খালেক দেওয়ানসহ তাঁদের সহযোগীদের ব্যবহার করছেন।
বোরহান উদ্দিনের ভাষ্য, এ ঘটনার শুরু ২০১৭ সালে। ওই বছরের ২২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টার দিকে সিলেটের বিয়ানীবাজারে তাঁর দোকানে জয়নাল মোল্লা, সোলায়মান ও তাঁদের সহযোগীরা কাঠের লাঠি দিয়ে তাঁকে ও তাঁর কর্মচারীদের মারধর করেন। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান এবং চিকিৎসা নিতে হয়। ঘটনার পর পুলিশের সহায়তা পাননি বলেও অভিযোগ করেন তিনি।
এরপর ২০২৩ সালে আবারও নির্যাতন শুরু হয় বলে দাবি করেন বোরহান উদ্দিন। তাঁর অভিযোগ, ওই বছরের ৩০ মে তাঁকে হুমকি ও নানাভাবে হয়রানি করা হয়। পরে ১৩ আগস্ট জয়নাল মোল্লা ও তাঁর সহযোগীরা তাঁকে আবারও ভীতি প্রদর্শন করেন।
এর ধারাবাহিকতায় ২৯ আগস্ট ২০২৩ তাঁর দোকানে ব্যাপক ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ করেন তিনি। এতে দোকানের মালামাল ছড়িয়ে-ছিটিয়ে নষ্ট করা হয় এবং বিভিন্ন যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনার পরদিন, ৩০ আগস্ট দুপুর ১২টার দিকে আইনজীবী আবু তাহেরের সহায়তায় তিনি স্থানীয় থানায় এফআইআর করেন। তবে কয়েক দিন পর, ৫ সেপ্টেম্বর অজ্ঞাত একটি নম্বর থেকে ফোন করে তাঁকে আবারও বড় ধরনের ক্ষতির হুমকি দেওয়া হয় বলে দাবি তাঁর।
বোরহান উদ্দিন আরও অভিযোগ করেন, ২০২৪ সালের ৫ আগস্ট দেশে সরকার পরিবর্তনের পর জয়নাল মোল্লা, সোলায়মান, খালেক দেওয়ান ও তাঁদের সহযোগীরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দেন। এতে এলাকায় তাঁদের প্রভাব ও দাপট বেড়ে যায়। এরপর তাঁর ভাইদের মদদে তাঁরা আবারও বোরহান উদ্দিন ও তাঁর পরিবারের সদস্যদের হুমকি ও হয়রানি শুরু করেন বলে অভিযোগ করেন তিনি।
এর অংশ হিসেবে চলতি বছরের ২৩ জানুয়ারি অভিযুক্ত ব্যক্তিরা তাঁর বাড়িতে গিয়ে তাঁর স্ত্রীর ওপর চড়াও হন এবং বোরহান উদ্দিন কোথায় আছেন, তা জানতে চান বলে অভিযোগ করেন তিনি। অবস্থান না জানালে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের মারাত্মক ক্ষতি করার হুমকি দেওয়া হয় বলেও দাবি করেন বোরহান উদ্দিন।
গত ৩ ফেব্রুয়ারি বোরহান উদ্দিনের পরামর্শে তাঁর স্ত্রী বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) কাছে লিখিত আবেদন করেন। আবেদনে দীর্ঘদিনের চাঁদাবাজি, হামলা, হত্যার হুমকি, দোকান ভাঙচুর, লুটপাট ও পরিবারের সদস্যদের হয়রানির অভিযোগ তুলে ধরা হয়। একই সঙ্গে পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং আগের অভিযোগ ও এফআইআর তদন্তের দাবি জানানো হয়।
বোরহান উদ্দিন জানান, আইজিপি কার্যালয়ের চিঠি জকিগঞ্জ থানায় পৌঁছানোর পর ২৪ ফেব্রুয়ারি তাঁর স্ত্রীকে থানায় উপস্থিত হতে বলা হয়। পরদিন ২৫ ফেব্রুয়ারি থানায় গেলে ওসি মোহাম্মদ আব্দুর রাজ্জাক অভিযোগটি প্রত্যাহারের জন্য চাপ দেন বলে অভিযোগ করেন তিনি। অভিযোগ প্রত্যাহার না করলে স্বামী-স্ত্রী দুজনেরই গুরুতর ক্ষতি করা হবে—এমন হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেন বোরহান উদ্দিন।
বোরহান উদ্দিনের দাবি, ২০২৩ সাল থেকে চলা নির্যাতন, হামলা, ভাঙচুর ও হুমকির পাশাপাশি সাম্প্রতিক পুলিশি চাপের কারণে তাঁর পুরো পরিবার চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে।
তবে এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে বোরহান উদ্দিনের ভাইদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা কোনো বক্তব্য দিতে রাজি হননি।
এ বিষয়ে জকিগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুর রাজ্জাকের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনিও কোনো বক্তব্য দিতে রাজি হননি।