Sylhet Today 24 PRINT

পীর হবিবুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

সিলেটটুডে ডেস্ক |  ১৬ ফেব্রুয়ারী, ২০১৬

ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, গণতন্ত্রী পার্টির সাবেক কেন্দ্রীয় সভাপতি ও সাবেক সাংসদ পীর হবিবুর রহমানের ১২তম মৃত্যুবার্ষিকী আজ (মঙ্গলবার)। এ উপলক্ষে ঐক্য ন্যাপ ও মরহুমের পরিবারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

পরিবারের পক্ষ থেকে নেওয়া কর্মসূচির মধ্যে রয়েছে দক্ষিণসুরমার বাগেরখলার বাড়িতে কোরআন খতম, মিলাদ ও শিরনী বিতরণ। এরপর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে মরহুমের কবরে পুষ্পার্ঘ্য অর্পন করা হবে।

পারিবারিক কর্মসূচিতে অংশ নিতে সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন পীর হবিবুর রহমানের নাতি বেলায়েত হোসেন লিমন।

এছাড়া ঐক্য ন্যাপের পক্ষ থেকে নেওয়া কর্মসূচির মধ্যে রয়েছে বিকাল ৩ টায় সিলেটের দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে স্মরণসভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন- ঐক্য ন্যাপের কেন্দ্রীয় সভাপতি পঙ্কজ ভট্টাচার্য্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় ন্যাপের প্রেসিডিয়াম সদস্য আব্দুল মোনায়েম নেহরু, সাবেক মহিলা সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেসা হক, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু জাহিদ। স্মরণসভায় উপস্থিত থাকার অনুরোধ করেছেন ঐক্য ন্যাপের সিলেট জেলা সভাপতি সুবল চন্দ্র পাল।

এদিকে পীর হবিবুর রহমান ফাউন্ডেশন ইউকের উদ্যোগে ইংল্যান্ডের পূর্ব লন্ডনের মন্ট্রিফিউরি সেন্টারে অনুষ্ঠিত হবে প্রামাণ্য চিত্র ‘রাজনীতির শুদ্ধতম পুরুষ’ এর প্রথম প্রদর্শনী ও আলোচনা সভা। এতে পীর হবিবুর রহমানের অনুসারী রাজনীতিক ও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.