Sylhet Today 24 PRINT

সোমবার সিলেট আসছেন বাণিজ্যমন্ত্রী, পরিদর্শন করবেন জেলা হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক |  ১৯ এপ্রিল, ২০২৬

সোমবার মাত্র কয়েকঘন্টার জন্য সিলেট সফরে আসছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি।

সিলেট সফরে তিনি একাধিক উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন, গুরুত্বপূর্ণ সমন্বয় সভা এবং ক্রীড়া সামগ্রী বিতরণসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

সফরকালে বাণিজ্যমন্ত্রী সিলেট জেলা হাসপাতাল পরিদর্শন করবেন। নগরের চৌহাট্টা এলাকায় প্রায় শতকোটি থাকা ব্যয়ে নির্মাণের পরও এই হাসপাতালটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। নির্মাণ কাজ শেষেও চালু করা সম্ভব হয়নি।

এরআগে গত সপ্তাহে সিলেট সফরে এই হাসপাতাল নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেছিলেন, শত কোটি টাকা ব্যয়ে হাসপাতালটি নির্মাণ করা হলেও এটি কেন নির্মিত হয়েছে কেউ জানে না। স্বাস্থ্যসংশ্লিস্ট কোন কর্তৃপক্ষের সাথে আলোচনা না করেই এই স্থাপনা নির্মাণ করা হয়েছে। আমি সংশ্লিস্টদের সাথে আলাপ করে এটি চালুর ব্যবস্থা করবো।

এমন বক্তব্যের এক সপ্তাহেগর মধ্যে জেলা হাসপাতাল পরিদর্শনে আসছেন বাণিজ্যমন্ত্রী।

জানা যায়, ২৫০ শয্যার এই হাসপাতালের নির্মাণকাজ ২০২৩ সালে শেষ হলেও এখন এটির দায়িত্ব নিচ্ছে না কেউ।

সিলেট সফরে বাণিজ্য মন্ত্রী সকাল ৯টায় শামসুদ্দিন হাসপাতাল এবং নবনির্মিত ২৫০ শয্যা বিশিষ্ট নতুন হাসপাতাল ভবন পরিদর্শন করবেন। সকাল ১০টায় সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬’-এর উদ্বোধন করবেন।

এছাড়া সকাল সাড়ে ১০টায় সিলেট সার্কিট হাউজে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিএডিসি, পানি উন্নয়ন বোর্ড, বন বিভাগ এবং এলজিইডি’র কর্মকর্তাদের সাথে এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভায় যোগ দেবেন। বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীর সিলেট সফর উপলক্ষ্যে সংশ্লিষ্টদের নিয়ে একটি প্রস্তুতিমূলক সভা ও দুপুর ১২টা ১৫ মিনিটে জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ৩৬টি স্পোর্টস একাডেমির মধ্যে খেলার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.