Sylhet Today 24 PRINT

৩ দিন বন্ধ থাকবে শেরপুর সেতু, বিকল্প পথে যেতে হবে ঢাকা

নিজস্ব প্রতিবেদক |  ২২ এপ্রিল, ২০২৬

ঢাকা-সিলেট মহাসড়কের মৌলভীবাজারের শেরপুর সেতু দিয়ে যান চলাচল তিনদিন বন্ধ থাকবে।

জরুরি মেরামত কাজের জন্য শুক্রবার (২৪ এপ্রিল) থেকে তিনদিনের জন্য বন্ধ থাকবে এ সেতু। সেতু বন্ধ থাকাকালীন বিকল্প পথে যান চলাচলের জন্য আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (২১ এপ্রিল) সুনামগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মিনহাজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা-সিলেট জাতীয় মহাসড়কের (এন-২) ১৮৬তম কিলোমিটারে কুশিয়ারা নদীর ওপর অবস্থিত শেরপুর সেতুর ক্ষতিগ্রস্ত ডেকস্ল্যাব মেরামতের কাজ আগামী ২৪ এপ্রিল সকাল ৮টা থেকে ২৬ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত চলমান থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২৪ এপ্রিল (শুক্রবার) সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত একলেনে যান চলাচল করবে। রাত ১১টা থেকে ২৫ এপ্রিল (শনিবার) সকাল ৯টা পর্যন্ত সেতুর ওপর দিয়ে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। এছাড়া ২৫ এপ্রিল সকাল ৯টা থেকে ২৬ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সেতুর এক লেনে সীমিতভাবে যান চলাচল করবে। মেরামত কাজ শেষে রোববার সকাল ৮টার পর সেতুটি পুনরায় যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে।

এদিকে সেতু দিয়ে যান চলাচল বন্ধ থাকাকালীন বিকল্প পথ ব্যবহারের আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন। মহাসড়কে চলাচলকারী শায়েস্তাগঞ্জ–শেরপুর–সিলেট রুটের যানবাহনের জন্য শায়েস্তাগঞ্জ–মিরপুর (বাহুবল)–শ্রীমঙ্গল–মৌলভীবাজার–ফেঞ্চুগঞ্জ–সিলেট সড়ক ব্যবহার করতে বলা হয়েছে।

এছাড়া শেরপুর (মৌলভীবাজার)–সিলেট রুটের যানবাহনের জন্য মৌলভীবাজার–ফেঞ্চুগঞ্জ–সিলেট সড়ক এবং ঢাকা–সিলেট–সুনামগঞ্জ রুটের যানবাহনের জন্য নবীগঞ্জের সৈয়দপুর বাজার–রানীগঞ্জ–জগন্নাথপুর–সুনামগঞ্জ সড়ক ব্যবহার করতে বলা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.