Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে অকাল বন্যার শঙ্কা, দ্রুত ধান কাটার আহ্বান

নিজস্ব প্রতিবদেক |  ২২ এপ্রিল, ২০২৬

বৃষ্টিতে বাড়ছে সিলেট অঞ্চলের সুরমা-কুশিয়ারাসহ কয়েকটি নদনদীর পানি। আগামী সাতদিন পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। তাই সুনামগঞ্জের হাওরাঞ্চলের ধান দ্রুত কাটার জন্য কৃষকদের আহ্বান জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

মঙ্গলবার পাউবো পক্ষ থেকে প্রচার করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, উজান অববাহিকায় ক্রমাগত বৃষ্টিপাতের কারণে সুনামগঞ্জের প্রধান নদ-নদীগুলোর পানি দ্রুত বাড়ছে এবং আগামী সাতদিন তা অব্যাহত থাকবে। ফলে যেকোনো সময় আগাম বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এই পরিস্থিতিতে হাওরের বোরো ফসল রক্ষায় যেসব জমির অন্তত ৮০ শতাংশ ধান পেকে গেছে, সেগুলো অবিলম্বে কেটে নেওয়ার জন্য কৃষকদের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

মঙ্গলবার বিকালে এক বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা দেন পাউবোর সুনামগঞ্জ শাখার নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ পর্যবেক্ষণের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের উত্তর-পূর্বাঞ্চলে, বিশেষত সুনামগঞ্জ জেলার ওপর দিয়ে প্রবাহিত সুরমা, কুশিয়ারা ও বাউলাইসহ অন্যান্য নদীর উজানে বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ায় পানির স্তর ক্রমশ উঠছে। আগামী কয়েক দিনের মধ্যে পানি সমতল আরও দ্রুত বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি হাওরের অভ্যন্তরে বৃষ্টির কারণে তুলনামূলক নিচু এলাকায় জলাবদ্ধতা তৈরির সম্ভাবনাও রয়েছে।

সম্ভাব্য বন্যায় বোরো ফসলের ক্ষয়ক্ষতি যতটা সম্ভব কমিয়ে আনতে কৃষকদের সময়মতো পদক্ষেপ নেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে পাউবো।

এ ব্যাপারে বুধবার সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, জেলার নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। উজানের পাহাড়ি এলাকায় বৃষ্টিপাত হলে সুরমাসহ সব নদীর পানি দ্রুত বাড়বে।

ধান কাটতে শ্রমিক নিয়োগ, হারভেস্টার মেশিন সরবরাহসহ কৃষকদের সব ধরণের সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

এদিকে, স্থানীয় কৃষকরা জানিয়েছেন, শ্রমিক সঙ্কট ও ডিজেল সঙ্কটের কারণে তারা দ্রুত ধান কাটতে পারছেন না। এছাড়া সব ধান এখনো কাটার উপযোগী হয়নি।

সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ওমর ফারুখ বলেন, সুনামগঞ্জের ছোট বড় ১৩৭টি হাওর রয়েছে। এবার জেলায় ২ লক্ষ ২৩ হাজার ৫১১ হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। এখন পর্যন্ত ২৮ হাজার হেক্টর ধান কৃষকরা ঘরে তুলছেন। বাকি ধান ঘরে তুলতে আরো সময় লাগবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.