Sylhet Today 24 PRINT

সিলেটে ছাত্রদল নেতাকে ‘হত্যার পরিকল্পনা’, পুলিশের তৎপরতায় নস্যাৎ

নিজস্ব প্রতিবেদক |  ০১ মে, ২০২৬

সিলেটের খাদিম এলাকার এক্সেলসিয়র সিলেট হোটেল এন্ড রিসোর্ট (জাকারিয়া সিটি) তে এক ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা নস্যাৎ করে দেওয়ার দাবি করেছে পুলিশ। এই হত্যার পরিকল্পনাকারী ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও পুলিশের দাবি।

শুক্রবার (১ মে) বেলা ৩টার দিকে এক বিজ্ঞপ্তিতে এমনটি জানান সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মঞ্জুরুল আলম।

তিনি জানান, এক্সেলসিয়র সিলেট হোটেল এন্ড রিসোর্ট (জাকারিয়া সিটি) দখলকে কেন্দ্র করে বিরোধের জেরে এক পক্ষ অপর পক্ষকে হত্যার উদ্দেশ্যে ভাড়াটে সন্ত্রাসী নিয়োগ করে। লিজগ্রহীতা রাহাত চৌধুরী ও তার সহযোগীদের বিরুদ্ধে প্রতিপক্ষ পরিকল্পিতভাবে হামলা ও হত্যার ষড়যন্ত্র করে। এ উদ্দেশ্যে তারা সুজন নামের এক ব্যক্তিকে ভাড়া করে এবং মোবাইল ফোনে হত্যার পরিকল্পনা সংক্রান্ত যোগাযোগও করে। বিষয়টি সম্পর্কে তথ্য পাওয়ার পর এসএমপি পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে।

গত ২৮ এপ্রিল সন্ধ্যায় অভিযুক্তরা রিসোর্টে প্রবেশের চেষ্টা করলে শাহপরান থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাদের পরিকল্পনা ব্যর্থ করে দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা ঘটনাস্থল ত্যাগ করে। এদিকে ভুক্তভোগীর দাখিলকৃত লিখিত অভিযোগের প্রেক্ষিতে শাহপরান (রহঃ) থানার রুজু করা হয়।

অভিযোগের ভিত্তিতে হত্যা পরিকল্পনার সঙ্গে জড়িত প্রধান আসামি মাসুকুর রহমানকে (৪৫) গ্রেপ্তার করা হয়। ইতোপূর্বে অন্য মামলায় গ্রেপ্তার থাকায় তাকে "শ্যোন এরেস্ট" দেখানো হয়েছে।। সেই সাথে অন্যান্য জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস জানান, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বদা সজাগ রয়েছে। যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি বা দখলদারিত্বের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.