Sylhet Today 24 PRINT

বিচার বিভাগের বেতন-ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত এ মাসেই : সিলেটে অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক |  ১৬ ফেব্রুয়ারী, ২০১৬

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বিচার বিভাগের বেতন ভাতার বিষয়টি এখনো ফয়সালা হয়নি। তারা পুরোনো নিয়মে বেতন ভাতা পাচ্ছে। তবে বিচার বিভাগের বেতন ভাতা বৃদ্ধির বিষয়টি এ মাসেই ফয়সালা করা হবে। আশা করছি তারা অচীরেই বর্ধিত বেতন ভাতা পাবেন।

মঙ্গলবার দুপুরে সিলেট নগরে ‘সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধ ও প্রাক খুতবা পর্যালোচনা বিষয়ক খতিম সম্মেলন’-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

নগরের আমানউল্লাহ কনভেনশন সেন্টারে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জয়নাল আবেদীন।

সম্মেলনে অর্থমন্ত্রী আরো বলেন, শেখ হাসিনার সরকার সামাজিকভাবে জঙ্গিবাদ দমনে সফল হয়েছে।

তিনি বলেন, ইমাম-খতিবরা ইসলামের শান্তির বানী প্রচারে গুরুত্বপূর্ন ভুমিকা রাখছেন। ইমাম ও খতিবদের দায়িত্ব মানুষকে সৎ পথে চলতে সাহায্য করা। তারা এই দায়িত্ব যথাযথভাবে পালন করে চলছেন। তবে আগামীতে আরো সচেষ্ট হতে হবে। কেউ যাতে সন্ত্রাস-জঙ্গিবাদে দিকে না যেতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। জঙ্গিবাদের বিরুদ্ধে প্রাক-খুতবায় আলোচনা করতে হবে।

এতে বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ মাওলানা মো. জালালুদ্দিন আল কাদেরী। স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক সামিম মো. আফজাল।

সম্মেলনে সিলেট বিভাগের চার জেলা ছাড়াও ব্রাম্মনবাড়িয়া, নরসিংদী ও কিশোরগঞ্জ জেলার ইমাম ও খতিবরা অংশগ্রহন করেন।

সম্মেলনে ইমাম ও খতিবদের বেতন বৃদ্ধির দাবি উঠলে অর্থমন্ত্রী তা বাস্তবায়নের আশ্বাস দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.