Sylhet Today 24 PRINT

কম সময়ে উন্নত সেবা দিতে কর্মীদের প্রতি সিসিক প্রশাসকের আহ্বান

সিলেটটুডে ডেস্ক |  ০৪ মে, ২০২৬

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী কম সময়ে উন্নত সেবা নিশ্চিত করতে কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

সোমবার (৪ মে) নগর ভবন প্রাঙ্গনে সিলেট সিটি কর্পোরেশন কর্মচারী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সিসিক প্রশাসক বলেন, “আমাদের মূল দায়িত্ব নগরবাসীকে সেবা দেওয়া। তাই সিটি কর্পোরেশনের প্রত্যেক কর্মীকে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। সেবা প্রদানে কোনো নাগরিক যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও সবাইকে সতর্ক থাকতে হবে।”

তিনি আরও বলেন, “দীর্ঘদিন ধরে শ্রমিকদের উন্নয়ন প্রত্যাশিত মাত্রায় হয়নি। বর্তমান সরকার শ্রমিকবান্ধব নানা উদ্যোগ গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছেন।”

সমাবেশে শ্রমিকরা সাত দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলোর বিষয়ে সহানুভূতিশীল থাকার আশ্বাস দিয়ে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। আমি একটি উন্নত ও বাসযোগ্য নগর গড়ার চ্যালেঞ্জ নিয়েছি। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা সেই লক্ষ্য অর্জন করতে পারব।”

সিলেট সিটি কর্পোরেশন কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. রজবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, সিসিকের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) একলিম আবদীন, সহকারী প্রকৌশলী তানভীর আহমদ তানিম এবং জনসংযোগ কর্মকর্তা (অ.দা.) নেহার রঞ্জন পুরকায়স্থ।

আরও বক্তব্য দেন, কর্মচারী সংসদের সহসভাপতি মুহিবুর রহমান, সদস্য মোস্তাক আহমেদ, কর্মচারী শ্রমিক ইউনিয়নের সহসভাপতি, সভাপতি সুমন চক্রবর্তী, সহসভাপতি লিয়াকত আহমদ ইমন, যুগ্ম সম্পাদক নজির আহমদ, সহসধারণ সম্পাদক ফয়েজুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক আজির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. রাকিব ও নির্জর রায়, প্রচার সম্পাদক নুরুল কবির পারভেজ, উপদেষ্টা মন্ডলীর সদস্য জাকারিয়া আহমদ, কোষাধ্যক্ষ রুহুল আমিন, সদস্য মাসুম, নাজু, নোমান, শ্রমিকদের মধ্যে রফিক মিয়া, মো. মোহন মিয়া, মজিদ খান, মিন্টু প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.