Sylhet Today 24 PRINT

পীর হাবিবের রাজনীতি ছিল সম্পূর্ণ নিজস্ব, স্বাতন্ত্র্য ও ভিন্নমতে শ্রদ্ধাশীল: অর্থমন্ত্রী

দেবব্রত চৌধুরী লিটন |  ১৬ ফেব্রুয়ারী, ২০১৬

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন "দলীয় রাজনীতিতে পীর হবিবুর রহমান যুক্ত থাকলেও তার রাজনীতি ছিল সম্পূর্ণ নিজস্ব ও স্বাতন্ত্র্য।  কীভাবে মানুষের সেবা করা যায় এটাই ছিল পীর হবিবুর রহমানের জীবনের লক্ষ্য।"

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপজেলা ঐক্য ন্যাপ আয়োজিত মজলুম জননেতা পীর হবিবুর রহমানের ১২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির  বক্তব্যে তিনি বলেন, "উনি যা সঠিক মনে করতেন সেটাই করতেন, তবুও ভিন্ন মতের প্রতি ছিল তার শ্রদ্ধা।"

স্মৃতিচারণ করে মুহিত বলেন, "তিনি আমার বাবার অনুসারী হওয়ার সুবাদে তাঁকে আমি ৯ বছর বয়স থেকেই চিনতাম। ভাসানী সাহেবের পর তিনিই মনে হয় একমাত্র সংসদ সদস্য যিনি লুঙ্গী পরে সংসদে যেতেন। এতে তিনি বিব্রত বোধ করতেন না। এটাকে তিনি খুবই স্বাভাবিক বিষয় মনে করতেন মানুষ যেভাবে সাধারণত থাকে সেভাবেই তিনি থাকার চেষ্টা করতেন।"

ঐক্য ন্যাপ সিলেট জেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পালের সভাপতিত্বে দেবব্রত রায় দীপনের ও হাসান বক্ত চৌধুরী কাওসারের যৌথ পরিচালনায় আয়োজিত স্মরনসভায় বক্তব্য রাখেন ঐক্য ন্যাপের কেন্দ্রীয় সভাপতি পংকজ ভট্টাচার্য, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ড.একে আবদুল মোমেন, সাবেক সংসদ সৈয়দা জেবুন্নেসা হক, যুবলীগের প্রেসিডেন্টের সদস্য ড.আহমদ আল কবির, ঐক্য ন্যাপের প্রেসিডিয়াম সদস্য আবদুল মোনায়েম নেহেরু, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবু জাহিদ, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি নুর মোহাম্মদ তালুকদার, পীর হবিবুর রহমানের তনয় মনজুর ইসলাম, ঐক্য ন্যাপের সিলেট জেলার সহ সভাপতি ইয়াওর বক্তব্য চৌধুরী, সিপিবি সিলেট জেলার সাধারণ সম্পাদক এড. আনোয়ার হোসেন সুমন, প্রগতিশীল রাজনৈতিক কর্মী রনেন সরকার রনি প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.