Sylhet Today 24 PRINT

এবার কোরবানির পশুর চামড়া সংগ্রহ করবে না সিলেটের কওমি মাদ্রাসাগুলো

নিজস্ব প্রতিবেদক |  ১১ মে, ২০২৬

আসন্ন ঈদুল আযহায় কোরবানির পশুর চামড়া সংগ্রহ করবে না বলে জানিয়েছে সিলেট বিভাগের কওমি মাদ্রাসাগুলো।

সোমবার (১১ মে) ‘সিলেট বিভাগ কওমি মাদ্রাসা সংরক্ষণ পরিষদ’ এক সংবাদ সম্মেলন করে এ সিদ্ধান্ত জানিয়েছে।

বিগত দুই সরকারের ষড়যন্ত্র ও অকার্যকর সিদ্ধান্ত এবং বর্তমান সরকারের উদাসীনতার অভিযোগ তুলে পরিষদ নেতৃবৃন্দ এ ‘কঠিন’ সিদ্ধান্তের পথে হাঁটলেন।

সোমবার দুপুরে সিলেট মহানগরের সোবহানীঘাটস্থ এদ্বারা ভবনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের সদস্যসচিব মাওলানা মুশতাক আহমদ খাঁন।

তিনি বলেন, প্রাচীনকাল থেকে ইসলামের হেফাজতের জন্য বিশ্বজুড়ে কওমি মাদ্রাসাগুলো কুরআন ও হাদিসের শিক্ষার প্রচার-প্রসার করে আসছে। মুসলিমসমাজের মুক্ত হস্তে দান-সদকাহ-এর মাধ্যমে পরিচালিত এসব মাদ্রাসা আদর্শ ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র গঠনে নিরলসভাবে অসামান্য ভূমিকা রাখছে।

বছরজুড়ে সর্বসাধারণের দান, মৌসুমী চাঁদা, কোরবানির পশুর চামড়া ইত্যাদি কওমি মাদ্রাসা পরিচালনায় আয়ের অন্যতম উৎস। কিন্তু বিগত আওয়ামী লীগ সরকার ২০১৩ সালে কওমি মাদ্রাসার এই অন্যতম আয়ের উৎস বন্ধে ষড়যন্ত্র শুরু করে। ওই সরকারের অসৎ উদ্দেশ্যে ক্রমান্বয়ে দেশের রপ্তানি শিল্পের অন্যতম এই পণ্য দেশের বাজারে দরপতনের শিকার হতে থাকে। শেষপর্যন্ত কোরবানির চামড়া প্রায় মূল্যহীন পণ্যে পরিণত হয়। বর্তমান অবস্থা এমন দাঁড়িয়েছে, কওমি মাদ্রাসাগুলো এলাকার মানুষের কোরবানির চামড়া সংগ্রহ করে যত টাকা পরিবহন খরচ করে, চামড়া বিক্রি করে সেই টাকাও ফেরত পায় না।

মাওলানা মুশতাক আহমদ খাঁন বলেন, আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার চামড়া শিল্প রক্ষায় উদ্যোগের কিছুটা তৎপরতা দেখালেও সুফল মেলেনি। গত বছর কোরবানির মৌসুমে ড. ইউনূস সরকার কওমি মাদ্রাসাগুলোকে চামড়া সংরক্ষণের জন্য কাঁচা লবণ সরবরাহ করে। কিন্তু এ উদ্যোগটি অযৌক্তিক ও অকার্যকর প্রমাণিত হয়েছে। ওই সরকারের উচিত ছিল চামড়া শিল্পের দেশীয় বাণিজ্যিক সিন্ডিকেট ভেঙে দিয়ে চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করা। বৈশ্বিক বাজারে মূল্যবান এই কাঁচামাল দেশীয় বাজারে মূল্যহীনতার দশা থেকে মুক্ত করতে ইন্টেরিম সরকার ব্যর্থ হয়েছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর চামড়া শিল্পের সুদিন ফেরার আশায় ছিলাম আমরা। কিন্তু সরকারের ১৮০ দিনের কোনো প্রকল্পেই চামড়া শিল্প নিয়ে কোনো পরিকল্পনা নেই। অথচ এটি একটি রাষ্ট্রের বড় আয়ের খাত। আগের সেই সিন্ডিকেট ভাঙতে পারেননি এই সরকার। যা কওমি মাদ্রাসাগুলোর কর্তৃপক্ষকে চরমভাবে হতাশ করেছে। সার্বিক বিবেচনায় সিলেট বিভাগের কওমি মাদ্রাসাগুলো আগামী কোরবানির মৌসুমে চামড়া সংগ্রহ না করার সিদ্ধান্ত গ্রহণ করছে।

তবে ভবিষ্যতে সরকার আমাদের ডেকে এ বিষয়ে কার্যকর উদ্যোগ নিলে এবং চামড়া শিল্পের উন্নতি হলে গরিব, এতিমদের ইসলামি শিক্ষার স্বার্থে পুনরায় চামড়া সংগ্রহ করতে চিন্তা করা হবে ইনশাআল্লাহ।

কোরবানির দিনে চামড়া শিল্পের মোট ৭১% কওমি মাদ্রাসার মাধ্যমে সংগৃহীত হয়ে থাকে উল্লেখ করে মাওলানা মুশতাক আহমদ খাঁন বলেন, দেশের দারিদ্রতা বিমোচন ও জনসংখ্যার সুবিধাবঞ্চিত বৃহৎ অংশের শিক্ষা ও লালল-পালনে কওমি মাদ্রাসা কর্তৃপক্ষ ভূমিকা রেখে আসছে। সুতরাং যত দ্রুত সম্ভব সিন্ডিকেট ভেঙে কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতকরণে সরকারের যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জোর দাবি জানাচ্ছে ‘সিলেট বিভাগ কওমি মাদ্রাসা সংরক্ষণ পরিষদ’।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- ‘সিলেট বিভাগ কওমী মাদ্রাসা সংরক্ষণ পরিষদ’র আহ্বায়ক মাওলানা আব্দুল বছীর সুনামগঞ্জী, যুগ্ম-সচিব মাওলানা আহমদ কবীর আমকুনী, যুগ্ম-সচিব মাওলানা ইউসুফ আহমদ খাদিমানী (রামধা মাদ্রাসা), মাওলানা মঞ্জুর আহমদ (রেঙ্গা মাদ্রাসা), মাওলানা এনামুল হক বহরগ্রামী, মুফতি মাওলানা রশিদ আহমদ (দরগাহ মাদ্রাসা), মাওলানা নিয়াম উল্লাহ খাসদবিরী (দারুস সালাম মাদ্রাসা), মাওলানা শামীম আহমদ ও মাওলানা গোলাম কিবরিয়া।

এছাড়াও ‘সিলেট বিভাগ কওমি মাদ্রাসা সংরক্ষণ পরিষদ’র বিভিন্ন স্তরের নেতা এবং বিভাগের বিভিন্ন কওমি মাদ্রাসার মুহতামিম ও দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.