Sylhet Today 24 PRINT

পূর্বঘোষণা ছাড়াই হবিগঞ্জ-সিলেট সড়কে পরিবহন ধর্মঘট, বিপাকে যাত্রীরা

বানিয়াচং প্রতিনিধি  |  ১২ মে, ২০২৬

মৌলভীবাজারে বাসে ভাঙচুর ও শ্রমিকদের মারধরের প্রতিবাদে জেলার অভ্যন্তরীণ সব রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রেখেছে হবিগঞ্জ মোটরমালিক গ্রুপ। মঙ্গলবার সকাল থেকে কোনও ঘোষণা ছাড়া এমন সিদ্ধান্তে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

হবিগঞ্জ মোটরমালিক গ্রুপ জানায়, ৫২ বছর ধরে হবিগঞ্জ-সিলেট ভায়া মৌলভীবাজার রুটে ‘বিরতিহীন এক্সপ্রেস’ পরিবহন চলাচল করছে। ১০ মে মৌলভীবাজার মোটরমালিক গ্রুপ ওই রুটে বিরতিহীন বাসে হামলা, ভাঙচুর ও শ্রমিকদের মারধর করে। এ ঘটনার প্রতিবাদে সকাল থেকে বাস চলাচল বন্ধ রেখেছে মোটরমালিক গ্রুপ।

পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ শুরু হওয়া এই ধর্মঘটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন শতশত সাধারণ যাত্রী। জেলা শহর থেকে মৌলভীবাজার ও সিলেট রুটে বাস চলাচল না করায় স্থবিরতা নেমে এসেছে জনজীবনে।

সরেজমিনে হবিগঞ্জ পৌর বাস টার্মিনাল ও প্রধান সড়কগুলো ঘুরে দেখা যায়, সকালে সিলেটে যাওয়ার জন্য বেরিয়ে বা টার্মিনালে এসে অনেক যাত্রীই বাসের দেখা পাননি। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে অধিক ভাড়ায় বিকল্প উপায়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।

হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট রুটে বাস বন্ধ থাকায় বিপাকে পড়ছেন চলাচলকারী যাত্রীরা। টার্মিনালে আটকে পড়া এক যাত্রী আক্ষেপ করে বলেন, “জরুরি কাজে সিলেটে যাওয়ার কথা ছিল। কিন্তু স্টেশনে এসে দেখি সব বন্ধ। এখন গাড়ি পাওয়া যাচ্ছে না, আর পেলেও ভাড়া চাচ্ছে আকাশচুম্বী। সাধারণ মানুষকে জিম্মি করে এসব ধর্মঘট মেনে নেওয়া যায় না।”

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, পরিবহন নেতাদের সাথে আলোচনার চেষ্টা চলছে। জনদুর্ভোগ লাঘবে দ্রুত সমাধান বের করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তবে সমাধান না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলে অনড় অবস্থানে রয়েছেন শ্রমিকরা। শেষ খবর পাওয়া পর্যন্ত হবিগঞ্জের সাথে সিলেট ও মৌলভীবাজারসহ সকল রুটের বাস চলাচল বন্ধ রয়েছে।

হবিগঞ্জ মোটরমালিক গ্রুপের সদস্যসচিব আবু মঈন চৌধুরী সোহেল বলেন, ‘মৌলভীবাজারের উপর দিয়ে নির্বিঘ্নে বিরতিহীন বাস চলাচল নিশ্চিত করতে প্রশাসন সময় নিয়েছে। এ সময়ের মধ্যে সমস্যার সমাধান না হলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধসহ বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.