Sylhet Today 24 PRINT

জাফলং থেকে আসা বাস ভরা ছিল ভারতীয় কম্বলে, আটক ৪

নিজস্ব প্রতিবেদক |  ১৩ মে, ২০২৬

সিলেট-তামাবিল মহাসড়কের সুরমা গেইট এলাকায় অভিযান চালিয়ে বাসভর্তি ভারতীয় কম্বলসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে শাহপরাণ থানা পুলিশ।

বুধবার (১৩ মে) বিষয়টি জানিয়েছে মহানগর পুলিশের মিডিয়া সেল। তারা জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে শাহপরাণ থানাধীন সুরমা গেইট এলাকায় চেকপোস্ট চলাকালীন একটি জাফলং থেকে আসা যাত্রীবাহী বাসকে থামার সংকেত দিলে তা অমান্য করে দ্রুত গতিতে মুরাদপুরের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

পরে পুলিশের অপর একটি টহলদলের সহায়তায় ধাওয়া করে মুরাদপুর পয়েন্টের হাইফা বাজারের সামনে বাসটি আটকে সক্ষম হয়।

এসময় যাত্রীবাহী বাস (রেজি নং- ঢাকা মেট্রো-ব-১১-৬৬২১) তল্লাশি চালিয়ে ১৬০ পিস অবৈধ ভারতীয় কম্বল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কম্বলের আনুমানিক বাজারমূল্য ৪ লক্ষ ৮০ হাজার টাকা এবং জব্দকৃত বাসটির আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা।

গ্রেপ্তারকৃতরা হলেন, নরসিংদীর মনোহরদী থানার ইদ্রিস আলীর বাড়ির রাবিয়া খাতুনের ছেলে মো. আল-আমিন (৩৮), গন্ডারদিয়া এলাকার সামছুল হক ও বিলকিস বেগমের ছেলে আরিফুল হক (৪০), চালাকচর এলাকার গিয়াস উদ্দিন ও রাহেলা বেগমের ছেলে মো. সবুজ মিয়া এবং আবু হানিফা ও জাহানারা বেগমের ছেলে মো. দিন ইসলাম।

তাদের বিরুদ্ধে শাহপরাণ থানায় মামলা (নং-১১/১২/৫/২৬) দায়ের করে তাদেরকে আদালতে সোপর্দের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. মনজুরুল আলম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.