Sylhet Today 24 PRINT

বিছনাকান্দি ঘুরতে গিয়ে পানিতে নিখোঁজ শাবি শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক |  ১৫ মে, ২০২৬

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র বিছনাকান্দি ঘুরতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী।

নিখোঁজ শান্ত বণিক বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের তেল ও খনিজ প্রকৌশল (পিএমই) বিভাগের শিক্ষার্থী। তার বাড়ি ঠাকুরগাঁও জেলায়।

শুক্রবার বিকাল সোয়া ৫টার দিকে তিনি পানিতে ডুবে নিখোঁজ হন বলে জানান বিভাগটির শিক্ষার্থীরা।

পুলিশ জানায়, শুক্রবার বিকেলে ১০/১১ জনের একটি গ্রুপ বিছনাকান্দি এলাকায় ঘুরতে যান। সেখানে স্বচ্ছ জলে সাঁতার কাটতে নামেন তারা। এ সময় বৃষ্টির কারণে উজান থেকে হঠাৎ ঢল নামলে পানির স্রোত বেড়ে যায়। প্রবল স্রোতের তোড়ে একপর্যায়ে শান্ত বণিক পানিতে তলিয়ে নিখোঁজ হন।

এসময় তার বন্ধুদের চিৎকার ও চেচামেচি শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসেন এবং তারা নৌকা নিয়ে তাকে উদ্ধারে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়রা টুরিস্ট পুলিশ ও গোয়াইনঘাট থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে।

তবে সন্ধ্যা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

শাবির পিএমই বিভাগের অ্যাসোসিয়েশনের সভাপতি তানজিদ রহমান অপূর্ব বলেন, ওই ব্যাচের (২০২৩-২৪) ১০-১২ জন ঘুরতে আসছে বিছানাকান্দিতে। সোয়া ৫টার পর শান্ত পানিতে নামলে নিখোঁজ হয়ে যান। আমরা পাশের আরেকটা স্পটে ঘুরতে আসছি। খবর শুনে সেখানে যাচ্ছি।

তিনি অভিযোগ করে বলেন, দেড়-দুই ঘণ্টা পার হয়ে গেলেও এখনও ডুবুরি দল, প্রশাসন কেউ আসেনি।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও নির্দেশনা পরিচালক অধ্যাপক সাইফুল ইসলাম সন্ধ্যা পৌনে ৭টার দিকে বলেন, আমাদের চেষ্টার কমতি নেই। আমরা বিষয়টি জানছি সাড়ে ৫টার দিকে। তখন ডিসিকে কল দিলেও তৎক্ষণাৎ পাওয়া যায়নি।

তিনি বলেন, এখন ডুবুরি যাচ্ছে। সঙ্গে আমাদেরও একটা টিমও যাচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান সন্ধ্যা সাড়ে ৭টায় বলেন, আমাদের ডুবুরি টিম পৌঁছে গেছে। রাস্তাঘাট খারাপ হওয়ার কারণে কিছুটা দেরি হয়ে গেছে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে রাত সাড়ে ৮টা এই রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ শান্ত বণিককে উদ্ধার করা সম্ভব হয়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.