Sylhet Today 24 PRINT

সিলেটে পরিবহন শ্রমিকদের ডাকা কর্মবিরতি ৬ জুন পর্যন্ত স্থগিত

নিজস্ব প্রতিবেদক |  ১৭ মে, ২০২৬

সিলেটে পরিবহন শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি আগামী ৬ জুন পর্যন্ত স্থগিত করা হয়েছে।

রোববার (১৭ মে) সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর সঙ্গে মতবিনিময় শেষে ফেডারেশনের সিলেট বিভাগীয় কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি ময়নুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রোববার দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টে শ্রমিক পরিবহন নেতাদের একটি অনুষ্ঠিত জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক সজিব আলী।

সভায় নেতারা জানান, এসএমপি কমিশনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে নির্দোষ নেতাদের মামলা থেকে অব্যাহতি দেওয়ার বিষয়ে আশ্বাস দিয়েছেন। একইসঙ্গে প্রাথমিক তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়া গেলে কাউকে গ্রেপ্তার বা হয়রানি করা হবে না বলেও আশ্বাস দেন কমিশনার।

এর প্রেক্ষিতে আগামী ১৯ মে ভোর থেকে শুরু হওয়ার কথা থাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি ৬ জুন পর্যন্ত স্থগিত করা হয়েছে বলে জানান পরিবহন শ্রমিক নেতারা।


উল্লেখ্য, গত ২৭ এপ্রিল কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে দুজন শ্রমিক নিহত হন। এ ঘটনায় শ্রমিক ফেডারেশনের একাধিক নেতাকে আসামি করে মামলা দায়ের করা হয়। এতে ক্ষোভে কর্মবিরতির ডাক দেন পরিবহন শ্রমিক নেতারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.