হবিগঞ্জ প্রতিনিধি | ১৭ ফেব্রুয়ারী, ২০১৬
হবিগঞ্জের বাহুবল উপজেলায় নিখোঁজ হওয়া চার শিশুর মৃতদেহ পাওয়া গেছে।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে স্থানীয়রা বালির স্তূপের নিচে থেকে শিশুদের হাত-পা বের হয়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বাহুবলের সুন্দ্রাটিকি এলাকার একটি বালুর গর্ত থেকে পুলিশ মৃতদেহগুলো উদ্ধার করে।
এর আগে শুক্রবার (১২ ফেব্রুয়ারি) তারা নিখোঁজ হয়।
নিহত শিশুরা হলো- বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র জাকারিয়া শুভ (৮), প্রথম শ্রেণির ছাত্র মনির মিয়া (৭), চতুর্থ শ্রেণির ছাত্র তাজেল মিয়া (১০) ও সুন্দ্রাটিকি মাদ্রাসার ছাত্র ইসমাইল মিয়া (১০)। এদের মধ্যে তিনজন সম্পর্কে আপন চাচাতো ভাই।
বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন চার শিশুর মৃতদেহ পাওয়ার তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত শুক্রবার বিকেলে বাড়ির পাশের মাঠে খেলার জন্যে গিয়েছিল শুভ, তাজেল, মনির ও ইসমাইল। কিন্তু বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়ে গেলেও তারা বাসায় ফেরেনি। তাদের স্বজনরা এতে উদ্বেগ-উৎকণ্ঠা আর আতঙ্কে আশপাশে খোঁজাখুঁজি করতে থাকেন। কিন্তু কোথাও তাদের খুঁজে না পেয়ে শুক্রবার রাতেই উপজেলার সব জায়গায় মাইকে নিখোঁজের বিষয়টি প্রচার করে।
শনিবার দুপুর পর্যন্ত ওই চার শিশুর সন্ধান না পেয়ে জাকারিয়া শুভর বাবা ওয়াহিদ মিয়া বাদী হয়ে বাহুবল মডেল থানায় সাধারণ ডায়েরি করেন।