Sylhet Today 24 PRINT

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি: মামার বাড়ি রেস্টুরেন্ট ও রাজমহলকে ৮০ হাজার টাকা জরিমানা

মৌলভীবাজার প্রতিনিধি |  ১৮ মে, ২০২৬

মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণের অভিযোগে দুটি স্বনামধন্য প্রতিষ্ঠানকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৮ মে) জেলা শহরের চৌমুহনা এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‍্যাব-৯-এর যৌথ অভিযানে এ জরিমানা আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমীন।

অভিযান সূত্রে জানা যায়, জনস্বাস্থ্য ও ভোক্তাদের অধিকার সুরক্ষায় রোববার চৌমুহনা এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং র‍্যাব-৯।

এ সময় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত এবং তা সংরক্ষণের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় ‘মামার বাড়ি রেস্টুরেন্ট’-এর মালিক মহিবুর রহমানকে ৩০ হাজার টাকা জরিমানা করেন সহকারী পরিচালক আল-আমীন। একই অপরাধে ‘রাজমহল কনফেকশনারি’-র মালিক মো. তানিমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। দুটি প্রতিষ্ঠান থেকে সর্বমোট ৮০ হাজার টাকা জরিমানা আদায় করে তা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।

র‍্যাব-৯ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভেজাল ও অস্বাস্থ্যকর খাবারের বিরুদ্ধে তাদের এই ধরনের কঠোর তদারকি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ গোয়েন্দা তৎপরতা এবং নিয়মিত অভিযান চলমান রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.