Sylhet Today 24 PRINT

জাফলং পর্যটনকেন্দ্রের সৌন্দর্যবর্ধনের উদ্যোগ

নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন গেইট, বেঞ্চ ও ফটো গ্যালারি

গোয়াইনঘাট প্রতিনিধি |  ১৮ মে, ২০২৬

সিলেটের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র জাফলংয়ের সৌন্দর্য বৃদ্ধি ও দর্শনার্থীদের আকর্ষণ বাড়াতে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করেছে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন।

পর্যটকদের জন্য আরও মনোরম ও নান্দনিক পরিবেশ নিশ্চিত করতে বিজিবি ক্যাম্পের সিড়ির পাশে নির্মাণ করা হচ্ছে দৃষ্টিনন্দন গেইট, বসার বেঞ্চ, গাছ ঘিরে গোল চত্বর এবং আকর্ষণীয় ফটো গ্যালারি।

রোববার (১৭ মে) বিকেলে এসব স্থাপনার আনুষ্ঠানিক উদ্বোধন করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার শহীদুল ইসলাম, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মন্নান, গোয়াইনঘাট প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মিনহাজ মির্জাসহ পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় বাসিন্দারা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জাফলংয়ে প্রতিদিন বিপুল সংখ্যক দেশি-বিদেশি পর্যটক ভ্রমণে আসেন। তাদের জন্য পরিচ্ছন্ন, আরামদায়ক ও নান্দনিক পরিবেশ গড়ে তুলতেই এসব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। বিশেষ করে নতুন গেইট ও ফটো গ্যালারি পর্যটকদের কাছে বাড়তি আকর্ষণ হিসেবে কাজ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও রতন কুমার অধিকারী বলেন, জাফলং বাংলাদেশের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত পর্যটন এলাকা। এর সৌন্দর্য সংরক্ষণ এবং পর্যটকদের সুবিধা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও পর্যটনবান্ধব বিভিন্ন উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে।”

স্থানীয় পর্যটন সংশ্লিষ্টদের মতে, উপজেলা প্রশাসনের এ উদ্যোগের ফলে পর্যটকদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য যেমন বৃদ্ধি পাবে, তেমনি জাফলংয়ের সামগ্রিক পরিবেশ আরও আকর্ষণীয় ও উপভোগ্য হয়ে উঠবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.