নিজস্ব প্রতিবেদক | ১৯ মে, ২০২৬
সিলেটে একদিনে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ রোগে সিলেট বিভাগে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪০ জনে।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের বুলেটিনে মঙ্গলবার (১৯ মে) সকালে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মারা যাওয়া তিন শিশুর সবাই হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এর মধ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৬ মাস বয়সী ইশিতা কাহের মারা যায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।
এ ছাড়া মৌলভীবাজার সদরের ৯ মাস বয়সী সুমিতা ও সিলেট সদরের লাবিবা (৯ মাস) মারা যায় সিলেট শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে।
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯২ জন সন্দেহভাজন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে মোট ২৮১ জন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৭০ ও ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৭৭ জন চিকিৎসা নিচ্ছে। মারা যাওয়া ৪০ জনের মধ্যে ৪ জন নিশ্চিত হামে ও ৩৬ জন উপসর্গে মারা গেছে।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুনির ওমর রাশেদ জানান, হামের প্রকোপ বাড়ায় ওসমানী হাসপাতালে ২০টি ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৪টি আইসিইউ বেড সংযোজন করা হয়েছে।