Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে ট্রাক-চাপায় বাইসাইকেল আরোহী নিহত

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ২২ মে, ২০২৬

কবির আহমদ

সিলেটের গোলাপগঞ্জে বেপরোয়া গতির ট্রাকের চাপায় কবির আহমদ (৪৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের সিলেট-জকিগঞ্জ সড়কের নয়া মসজিদ নামক স্থানে এ ঘটনাটি ঘটে।

নিহত কবির আহমদ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হিলালপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কবির আহমদ মঙ্গলবার রাতে হেতিমগঞ্জ বাজার থেকে বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে সিলেট-জকিগঞ্জ সড়কের নয়া মসজিদের সামনে পৌঁছামাত্র পিছন দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই সড়কের উভয় পাশে প্রায় দুই কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তবে অভিযোগ উঠেছে, ঘটনার প্রায় দুই ঘণ্টা পেরিয়ে গেলেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছেনি। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় জনতা।

পরে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উত্তেজিত জনতা ভুয়া ভুয়া স্লোগান দিয়ে তাদের ধাওয়া করেন। পরিস্থিতি বেগতিক দেখে পুলিশ সদস্যরা পাশের একটি বাসায় আশ্রয় নেন।

পরবর্তীতে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তাদের সহযোগিতায় নিহতের মরদেহ রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয় এবং দীর্ঘ সময় বন্ধ থাকার পর সিলেট-জকিগঞ্জ সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুল ইসলাম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.