Sylhet Today 24 PRINT

প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বাতিলসহ তিন দফা দাবিতে সিলেটে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ

সিলেটটুডে ডেস্ক |  ২২ মে, ২০২৬

শিক্ষাখাতে জিডিপির ন্যূনতম ৬ শতাংশ বরাদ্দ নিশ্চিত করা, প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত বাতিল, শারীরিক শিক্ষা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ এবং একই ধারার বৈষম্যহীন, বিজ্ঞানভিত্তিক, অসাম্প্রদায়িক ও সার্বজনীন শিক্ষানীতি প্রণয়নের দাবিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত সমাবেশে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সভাপতি সন্দীপ দাস সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক সুস্মিতা বিশ্বাস অথৈ সঞ্চালনা করেন। বক্তব্য রাখেন সিলেট মুরারিচাঁদ কলেজের সংগঠক স্বাধীন দেব, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের স্কুল ছাত্রবিষয়ক সম্পাদক অঝর তালুকদার এবং সহকারী সাধারণ সম্পাদক প্রতীক দাস। বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

বক্তারা তিন দফা দাবির পাশাপাশি সারাদেশে অব্যাহত খুন, নারী ও শিশু ধর্ষণের সুষ্ঠু বিচার দাবি করেন। সমাবেশে বক্তারা বলেন, যেখানে দেশের শিক্ষার্থীদের ক্লাসরুম ও গবেষণাগারে শিক্ষা ও গবেষণায় ব্যস্ত থাকার কথা, সেখানে শিক্ষাখাতে বরাদ্দ বৃদ্ধির দাবিতে আন্দোলন করতে হচ্ছে। বক্তারা আরও বলেন, বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে দোষীদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.