Sylhet Today 24 PRINT

সিলেটে মেয়েকে হত্যার ঘটনায় মায়ের বিরুদ্ধে মামলা, এখনও রহস্য অনুদঘাটিত

নিজস্ব প্রতিবেদক |  ২৩ মে, ২০২৬

সিলেটে পৌন দুই বছর বয়সী এক কন্যাশিশুকে ঘরে ঘুমন্ত অবস্থায় বটি দা দিয়ে গলা কেটে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় শিশুটির পিতা আমির আলী বাদী হয়ে জালালাবাদ থানায় শনিবার (২৩ মে) দুপুরে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলায় শিশুটির মা সুবিনা বেগম (২৫) কে প্রধান আসামি করা হয়। পরে পুলিশ তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। তবে হত্যাকান্ডের কারণ উদঘাটন করা যায়নি।

সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল হাবীব বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে তিনি জানান, হত্যার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। সুবিনা বেগমকে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।

ওসি মো. শামসুল হাবিব জানান, সুবিনাকে আটকের সময়ও তিনি নির্বিকার ছিলেন। থানায় নিয়ে আসার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সম্ভাব্য সব কৌশল অবলম্বনের পরও তার মুখে কোনো কথা ছিল না। যা-ই জিজ্ঞেস করা হয়েছে, জবাবে তিনি কেবল ফেল ফেল করে তাকিয়েছিলেন। কখনোবা তার ভঙ্গি ছিল উদাস।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২২ মে) ভোরে সিলেটের জালালাবাদ থানাধীন পুরাতন কালারুকা গ্রামে এ ঘটনা ঘটে। ঘরে থাকা বটি দা দিয়ে শিশু মাইমুনা জান্নাত তোহাকে (১ বছর ৮ মাস) গলা কেটে হত্যা করা হয় বলে অভিযোগ করা হয়েছে। শিশুটি ওই গ্রামের আমির আলীর কন্যা। ঘটনার সময় আমির আলী ফজরের নামাজ আদায় করতে মসজিদে ছিলেন। পরে তিনি ঘরে ফিরে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.