Sylhet Today 24 PRINT

বাহুবলে ৪ শিশু হত্যা: হত্যাকারীদের ধরিয়ে দিতে লাখ টাকা পুরষ্কার

সিলেটটুডে ডেস্ক |  ১৭ ফেব্রুয়ারী, ২০১৬

হবিগঞ্জের বাহুবলে চার শিশুকে হত্যাকরা অপরাধীদের ধরিয়ে এক লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন সিলেট রেঞ্জের ডিআইজি মিজানুর রহমান।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের কামাইছড়া নদীর তীরে বালুর নিচ থেকে নিখোঁজের পাঁচ দিন পর একই গ্রামের চার শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে যান মিজানুর রহমান।

এ সময় তিনি হত্যাকারীদের ধরিয়ে দিতে সহায়তাকারীকে এক লাখ টাকা পুরস্কারের ঘোষণা দেন।

তিনি বলেন, যে ব্যক্তি এ হত্যা সম্পর্কে সঠিক তথ্য বা হত্যাকারীদের ধরিয়ে দিতে সহায়তা করবে, তাকে এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে স্থানীয়রা বালির স্তূপের নিচে থেকে শিশুদের হাত-পা বের হয়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে  বাহুবলের সুন্দ্রাটিকি এলাকার একটি বালুর গর্ত থেকে পুলিশ মৃতদেহগুলো উদ্ধার করে।

এর আগে শুক্রবার (১২ ফেব্রুয়ারি) তারা নিখোঁজ হয়।

নিহত শিশুরা হলো- বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র জাকারিয়া শুভ (৮), প্রথম শ্রেণির ছাত্র মনির মিয়া (৭), চতুর্থ শ্রেণির ছাত্র তাজেল মিয়া (১০) ও সুন্দ্রাটিকি মাদ্রাসার ছাত্র ইসমাইল মিয়া (১০)। এদের মধ্যে তিনজন সম্পর্কে আপন চাচাতো ভাই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.