নবীগঞ্জ প্রতিনিধি | ২৬ মে, ২০২৬
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় এক তৃতীয় শ্রেণীতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে (৯) মুখে গামছা বেঁধে বাঁশঝাড়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সোমবার (২৫ মে) বিকেলে ভুক্তভোগী শিশুকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে স্থানান্তর করেন।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার জানায়— রবিবার বিকেলে উপজেলার পানিউমদা ইউনিয়নের বড়চর গ্রামের বড়চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ওই ছাত্রী বাড়ির পাশের একটি দোকানে যাচ্ছিল। পথিমধ্যে একই গ্রামের মৃত কনর মিয়ার ছেলে আফরোজ মিয়া (৩৫) ও তার এক সহযোগী মিলে শিশুটির মুখে গামছা বেঁধে জোরপূর্বক পাশের একটি নির্জন বাঁশঝাড়ে নিয়ে যায়। সেখানে তারা শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালায়। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে এগিয়ে এসে লম্পটদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় ভুক্তভোগী শিশুকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়।
ভুক্তভোগী পরিবার জানায়, লোকলজ্জা ও ভয়ের কারণে গতকাল তারা শিশুকে হাসপাতালে নিয়ে আসতে পারেননি। তারা এই জঘন্য অপরাধে জড়িত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মোনায়েম মিয়া বলেন, ঘটনার খবর পাওয়ার পর ভুক্তভোগী পরিবারের সঙ্গে আলাপ করে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।