Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জ জেলা আ.লীগের বর্ধিত সভা বয়কট সংসদ সদস্যদের

সুনামগঞ্জ প্রতিনিধি |  ১৭ ফেব্রুয়ারী, ২০১৬

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা থেকে স্থানীয় সংসদ সদস্যরা তাদের অনুসারীদের নিয়ে ওয়াক আউট করেছেন। বিভিন্ন উপজেলা ও পৌর কমিটি গঠনে অনিয়মের অভিযোগ এনে তারা বর্ধিত সভা বয়কট করেন বলে জানান।

বুধবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে এ বর্ধিত সভাটি অনুষ্ঠিত হয়।

২৫ ফেব্রুয়ারি জেলা আওয়ামী লীগের সম্মেলনকে সামনে রেখে এ বর্ধিত সভার ডাকা হয়। তবে বর্ধিতসভায় বিভিন্ন উপজেলার অনেক নেতাকর্মীকে আমন্ত্রণ জানানো হয়নি বলে সাংসদরা অভিযোগ করেন। এ নিয়ে সম্মেলনের আগে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে দু’ধারার সৃষ্টি হয়।

ঊর্ধিতসভা বেলা ১১টায় শুরু হলে এক পর্যায়ে দোয়ারাবাজার উপজেলা কমিটির আহবায়কের নাম নিয়ে জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদকের সাথে ৩ জন সংসদ সদস্য, জেলা পরিষদের প্রশাসকের বিরোধ দেখা দেয়।

পরে বর্ধিত সভা বয়কট করে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-১ আসনের সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-মৌলভী বাজার সংরক্ষিত আসনের সাংসদ অ্যডাভোকেট শাহানা রব্বানী, জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন বের হয়ে আসেন।

তবে জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মতিউর রহমান ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নূরুল হুদা মুকুট তাদের অনুসারীদের নিয়ে বর্ধিত সভা চালিয়ে যান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.