Sylhet Today 24 PRINT

টাঙ্গুয়ার হাওরে হাউসবোটের ছাদ থেকে পড়ে পর্যটক নিখোঁজ

সুনামগঞ্জ প্রতিনিধি |  ৩০ মে, ২০২৬

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে এসে পানিতে পড়ে তামিম ইসলাম (১৭) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। শনিবার দুপুরে টাঙ্গুয়ার হাওরের পাটলাই নদীর শ্রীপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

তামিম ইসলাম ধর্মপাশা উপজেলার গলুয়া গ্রামের মুজিবুর মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধর্মপাশা থেকে ‘মা-বাবার দোয়া’ নামের একটি হাউসবোটে প্রায় ৬০ জন কিশোর-তরুণ শনিবার টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে আসেন। তাঁরা টাঙ্গুয়ার হাওর এবং পার্শ্ববর্তী টেকেরঘাট এলাকার শহীদ সিরাজ লেক (নীলাদ্রি) ঘুরে দেখেন।

দুপুরে টেকেরঘাট থেকে ফেরার পথে হাউসবোটটি পাটলাই নদীর শ্রীপুর বাজার এলাকায় পৌঁছালে তামিম ইসলাম ছাদ থেকে পানিতে পড়ে যায়। সঙ্গে থাকা অন্যরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা করেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তল্লাশি চালানো হলেও বিকেল পাঁচটা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই কিশোরকে উদ্ধারে সুনামগঞ্জ থেকে ডুবুরি দল এসেছে। পাশাপাশি স্থানীয়দের সহায়তায় নিখোঁজ কিশোরকে খুঁজে বের করার চেষ্টা অব্যাহত আছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.