ওসমানীনগর প্রতিনিধি | ৩১ মে, ২০২৬
সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসকে পেছন থেকে অপর একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন।
শনিবার (৩১ মে) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের তাজপুর কদমতলা চাঁনপুর নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় বাসের প্রায় ১৫জন যাত্রী আহত হন।
নিহতরা হলেন, যাত্রীবাহী ‘যাতায়াত’ পরিবহনের বাসচালক সোহেল (৩০) ও একই বাসের হেলপার ইমন (২০)। নিহত চালক সোহেল নরসিংদী জেলার সদর উপজেলার শাহী প্রতাপ গ্রামের তাজুল ইসলামের ছেলে। আহতরা হলেন, মো. মাসুম মিয়া (৪৫), ফাহিম (২০), আনাজ (২০) জহির (২৫) সহ অজ্ঞাতনামা আরো ১১জন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় যাত্রীবাহী ‘যাতায়াত’ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-০৬০২) সড়কের পাশে সিলেটমুখী অবস্থায় দাঁড়িয়ে ছিল। এ সময় একই দিকে যাওয়ার পথে ‘সেন্টমার্টিন সৌহার্দ্য’ পরিবহনের দ্রুতগামী একটি বাস (ঢাকা মেট্রো-ব-১১-০২৪১) পেছন থেকে এসে দাঁড়িয়ে থাকা বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়ি দুটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই যাতায়াত বাসের চালক সোহেল ও হেলপার ইমন মারা যান। এ সময় উভয় বাসের ১৫জন যাত্রী আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে তাজপুর ফায়ার ব্রিগেড, হাইওয়ে ও ওসমানীনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
শেরপুর হাইওয়ে থানার অফিসার ওসি আবু তাহের দেওয়ান দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। দুর্ঘটনার ব্যাপারে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।