Sylhet Today 24 PRINT

চা-বাগানে রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেলো ট্রাক্টর

শ্রীমঙ্গল প্রতিনিধি  |  ০১ জুন, ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া চা বাগান এলাকায় রেলক্রসিংয়ে কালনী এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ট্রাক্টরের সংঘর্ষে এক চালক গুরুতর আহত হয়েছেন। সোমবার (১ জুন) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় রেলক্রসিংয়ে দায়িত্বরত গেটম্যানের অনুপস্থিতির অভিযোগ উঠেছে।

আহত আব্দুল কাইয়ুম টিটু জেরিন চা বাগানের ট্রাক্টরচালক বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো সকালে শ্রমিক পরিবহনের উদ্দেশ্যে ট্রাক্টর নিয়ে ভাড়াউড়া চা বাগানের দিকে যাচ্ছিলেন টিটু। ট্রাক্টরটি রেলক্রসিং পার হওয়ার সময় সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস এসে সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাক্টরটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং চালক আহত হন।

ইস্পাহানী জেরিন চা বাগানের উপ-মহাব্যবস্থাপক সেলিম রেজা বলেন, শ্রমিক নিতে যাওয়ার পথে ট্রেনের সঙ্গে ট্রাক্টরের সংঘর্ষ হয়। চালক দ্রুত লাফিয়ে পড়ায় প্রাণে রক্ষা পেলেও আহত হন। পরে তাকে প্রথমে বাগানের হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, দুর্ঘটনার সময় রেলক্রসিংয়ে কোনো গেটম্যান উপস্থিত ছিলেন না। গেট নামানো না থাকায় ট্রাক্টরটি ক্রসিং পার হতে গেলে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে গিয়ে গেটম্যানের কক্ষ তালাবদ্ধ পাওয়া গেছে বলেও দাবি করেন তিনি। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও থানাকে জানানো হয়েছে বলে জানান তিনি।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. সাখাওয়াত হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল সাড়ে ৮টার দিকে সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেন একটি ট্রাক্টরকে ধাক্কা দেয়। তবে রেলক্রসিংয়ে দায়িত্বপ্রাপ্ত গেটম্যানের অনুপস্থিতির বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.