বিয়ানীবাজার প্রতিনিধি | ০১ জুন, ২০২৬
সিলেটের বিয়ানীবাজারে শামীম আহমদ ধনু (৪৭) নামের এক ব্যাক্তির পা বাধা ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পেশায় সিএনজিচালিত অটোরিকশা চালক।
সোমবার (১লা জুন) সকালে উপজেলার লাউতা ইউনিয়নের বারইগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের কবরস্থান থেকে শামীমের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় তার দু’পায়ে দড়ি বাধা ছিল। শামীম আহমদ লাউতা ইউনিয়নের বারইগ্রামের শুক্কুর আলীর পুত্র।
জানা যায়, রোববার রাত ১০ টার দিকে গ্যারেজে তার চালিত সিএনজি রেখে বাড়ি ফিরেন শামীম। বাড়িতে রাতের খাবার শেষে বেরিয়ে গেলে সকালে তার মরদেহ পাওয়া যায়। শামীমের ঝুলন্ত মরদেহ পাওয়া গেলেও পা দু’টি দড়ি দিয়ে বাধা থাকায় এটি হত্যাকান্ড কি-না তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
ঘটনাস্থলে থাকা বিয়ানীবাজার থানার উপ-পরিদর্শক মহি উদ্দিন জানান, নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি। তবে এটি হত্যা না আত্মহত্যা তা এখনই বলা মুশকিল।
স্থানীয়ভাবে জানা যায়, নিহতের এলাকায় কারো সাথে কোন বিরোধ নেই। তাছাড়া তার ব্যবহৃত সিএনজি গ্যারেজে রাখা রয়েছে । তিনি ২ ছেলে ও ৩ কন্যার পিতা বলে জানা গেছে।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ মো: ওমর ফারুক জানান, মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে। তাছাড়া আমাদের তদন্ত চলমান রয়েছে।
এদিকে গত ২৪ ঘন্টার ব্যবধানে পাশাপাশি এলাকায় ২টি মরদেহ উদ্ধার নিয়ে জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন। গত রোববার বিকেলে পৌরসভার খাসাড়িপাড়া গ্রামের আব্দুল মুক্তাদিরের পুত্র সাদিকুল ইসলাম রুপক এর হাত বাধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ তার নিজ বাড়ি থেকে। এর একদিন পর সোমবার শামীম এর পা বাধা অবস্থায় তার বাড়ির পেছনের গোরস্তান থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এই দুই জনের মৃত্যু হত্যা নাকি আত্মহত্যা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।