Sylhet Today 24 PRINT

অবৈধ অনুপ্রবেশের এক বছর পর ভারতীয় নাগরিককে নিজ দেশে ফেরত

বানিয়াচং প্রতিনিধি  |  ০১ জুন, ২০২৬

বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে দীর্ঘ এক বছর সাজা ভোগের পর প্রদীপ চন্দ্র পাল নামে এক ভারতীয় নাগরিককে আইনি প্রক্রিয়া শেষে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

সোমবার হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তের নতুন স্থলবন্দর সংলগ্ন ১৯৬৬ এস-১ পিলারের সামনে আনুষ্ঠানিকভাবে তাকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্ত করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের কারণে প্রদীপ চন্দ্র্র পালকে আটক করা হয়েছিল। এরপর বিজ্ঞ আদালতের নির্দেশে তিনি হবিগঞ্জ জেলা কারাগারে দীর্ঘ ১২ মাস (১ বছর) বন্দি জীবন কাটান। কারাভোগের মেয়াদ শেষ হওয়ার পর দুই দেশের আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া সম্পন্ন করে আজ তাকে স্বদেশে পাঠানোর ব্যবস্থা করা হয়।

সোমবার বাল্লা সীমান্তের শূন্য রেখায় বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) এবং চুনারুঘাট থানা পুলিশের উপস্থিতিতে এক ফ্ল্যাগ মিটিং ও আনুষ্ঠানিকতার মাধ্যমে তাকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এবং ভারতীয় পুলিশের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

হস্তান্তর প্রক্রিয়া শেষে ভারতীয় কর্তৃপক্ষ প্রদীপ চন্দ্র পালকে গ্রহণ করে তাদের হেফাজতে নিয়ে যায়। এই হস্তান্তরের ফলে দীর্ঘ এক বছর পর তিনি নিজ পরিবার ও দেশে ফেরার সুযোগ পেলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.