নিজস্ব প্রতিবেদক | ০৩ জুন, ২০২৬
প্রতীকী ছবি
সিলেটে ১ হাজার শয্যার একটি হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে বিনিয়োগ করবে চীন। এই হাসপাতালের জন্য স্থান নির্বাচনের প্রক্রিয়া শুরু হচ্ছে।
জানা যায়, এই হাসপাতাল নির্মাণের কার্যক্রম শুরু করতে মঙ্গলবার সিলেট সফরে এসেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। আরিফুল হকের নির্বাচনী এলাকা সিলেট-৪ (জৈন্তাপুর-গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ) আসনের এলাকায় এই হাসপাতাল নির্মাণের ব্যাপারে আলোচনা চলছে।
এ ব্যাপারে আলোচনা করতে মঙ্গলবার (২ জুন) রাত ৯টার দিকে বিমানের একটি ফ্লাইটে সিলেটে আসেন প্রবাসীকল্যান মন্ত্রী। রাত সোয়া ৯টায় তিনি সিলেট সার্কিট হাউজে ১ হাজার শয্যার হাসপাতাল নির্মাণের ব্যাপারে প্রাথমিক আলোচনা ও স্থান নির্বাচনের ব্যাপারে চীনা বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করেন।
মন্ত্রী আরিফুল হক চৌধুরী বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চীনা বিনিয়োগকারীদের নিয়ে তার নির্বাচনী এলাকা সিলেট-৪ আসনের গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ উপজেলার সম্ভাব্য স্থানগুলো সরজমিন পরিদর্শন করবেন।
এছাড়া ওইদিন বিকাল ৩টায় তিনি সিলেট ডায়বেটিক হাসপাতালের সভায় উপস্থিত থাকবেন। মন্ত্রী আরিফ পরদিন বৃহস্পতিবার বিকালে বিমানে ঢাকার উদ্দেশ্যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন।