Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ২৫

হবিগঞ্জ প্রতিনিধি |  ০৩ জুন, ২০২৬

হবিগঞ্জে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে ফুটবল ম্যাচ কেন্দ্র করে সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন।

বুধবার দুপুরে সদর উপজেলার লোকড়া ইউনিয়নের কাশিপুর গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে প্রায় ২৫ জন আহত হয়েছেন। সংঘর্ষকালে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে কাশিপুর খেলার মাঠে ব্রাজিল ও আজেন্টিনা সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে আর্জেন্টিনা সমর্থিত দল ৩-২ গোলে জয় পায়। ম্যাচ শেষে আর্জেন্টিনা সমর্থকেরা বিজয় উদযাপন করলে ব্রাজিল সমর্থকদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে এলাকার প্রবীণ ব্যক্তিরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে ম্যাচের ফল নিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।

এরই জেরে বুধবার দুপুরে দু’পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয়পক্ষ একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ আরও জানায়, সংঘর্ষে ব্রাজিল সমর্থকদের পক্ষে কাশিপুর গ্রামের ওলি মিয়া এবং আর্জেন্টিনা সমর্থকদের পক্ষে তার চাচাতো ভাই ফারুক মিয়া নেতৃত্ব দেন। আহতদের হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পরিবেশ নিয়ন্ত্রণে আছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.