Sylhet Today 24 PRINT

প্রাথমিক শিক্ষা কার্যক্রমে সিলেটের শ্রেষ্ঠ ইউএনও গোয়াইনঘাটের রতন অধিকারী

গোয়াইনঘাট প্রতিনিধি |  ০৪ জুন, ২০২৬

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ সিলেট জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নির্বাচিত হয়েছেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সংশ্লিষ্ট কমিটির মূল্যায়নের ভিত্তিতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষা প্রশাসন পরিচালনা, বিদ্যালয় পরিদর্শন, শিক্ষার্থী উপস্থিতি বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন তদারকি এবং শিক্ষা সংশ্লিষ্ট কার্যক্রমে অবদানের জন্য এ স্বীকৃতি প্রদান করা হয়েছে বলে জানা গেছে।

জানা যায়, ২০২৫ সালের ১৯ জানুয়ারি তিনি গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি উপজেলা প্রশাসনের বিভিন্ন দাপ্তরিক কার্যক্রমের পাশাপাশি প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে নিয়মিত তদারকি ও সমন্বয়মূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন।

এর মধ্যে বিদ্যালয় পরিদর্শন কার্যক্রম জোরদার করা, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণে স্থানীয় প্রশাসন ও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় বৃদ্ধি, এবং শিক্ষা পরিবেশ উন্নয়নে বিভিন্ন প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করা হয় তিনি।

জেলা প্রাথমিক শিক্ষা পদক কমিটির সভায় মূল্যায়নের পর তাকে জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নির্বাচিত করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন, প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছি। এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জেলা পর্যায়ে এই স্বীকৃতির মাধ্যমে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের শিক্ষা সংশ্লিষ্ট কার্যক্রম আরও গুরুত্ব পাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.