শ্রীমঙ্গল প্রতিনিধি | ০৪ জুন, ২০২৬
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে দিনব্যাপী এক বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৪ জুন) সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে উপজেলার আশীদ্রোন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পুটিয়াছড়া এলাকায় হেকিম মিয়ার মালিকানাধীন জমির পাশের একটি লেবুবাগান থেকে প্রায় ১০ ট্রাক সিলিকা বালু জব্দ করা হয়। এ সময় স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদিন উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুই বছর ধরে ওই এলাকায় পাকা রাস্তার মুখে স্টিলের গেইট স্থাপন করে বিশেষ কায়দায় অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন ও বিক্রি করে আসছিলেন হেকিম মিয়া। এলাকাবাসীর অভিযোগ, এর আগেও একই স্থানে প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালিত হলেও সংশ্লিষ্ট প্রভাবশালী চক্রের বিরুদ্ধে কোনো কার্যকর বা স্থায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে বারবার পার পেয়ে পুনরায় বালু উত্তোলন শুরু করে তারা।
অভিযানের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকন বলেন, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ রক্ষায় যারা এই অপকর্মের সাথে জড়িত, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।