Sylhet Today 24 PRINT

করিম ছিলেন রাজনৈতিকভাবে সচেতন জনমানুষের কবি : মুহিত

নিজস্ব প্রতিবেদক |  ১৭ ফেব্রুয়ারী, ২০১৬

“শাহ আবদুল করিম ছিলেন রাজনৈতিকভাবে অত্যন্ত সচেতন জনমানুষের কবি। তাঁর গানে মানুষের মুক্তির কথা, অসাম্প্রদায়িক চেতনার কথা বারবার উঠে এসেছে। তিনি ছিলেন অত্যন্ত উচ্চমানের দার্শনিক। অবলীলাল তাঁর দর্শন মানুষের সামনে তুলে ধরেছেন।”

বুধবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিলেট জেলা স্টেডিয়ামে বাউল শাহ আবদুল করিম জন্মশতবর্ষ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথাগুলো বলেন।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় শাহ আবদুল করিম জন্মশত বার্ষিকী উদযাপন জাতীয় কমিটি আয়োজিত তিনদিনব্যাপী এ অনুষ্ঠান বুধবার শুরু হয়।

সিলেট উৎসব কমিটির আহ্বায়ক ড. আবুল ফতেহ ফাত্তাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর।

তিনি বলেন, শাহ আবদুল করিম কেবল রাজনৈতিকভাবে সচেতন নন, রাজনৈতিকভাবে সক্রিয়ও ছিলেন। আবদুল করিমের গানের কেবল সুর নয়, তাঁর কথার গভীরতা আবিস্কার করতে হবে। গানের মধ্য দিয়েই তাকে বুঝতে হবে, জানতে হবে অন্তরে ধারণ করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে এডভোকেট সুলতানা কামাল বলেন, যিনি সমস্ত মানবতাকে, সমগ্র মনুষ্যত্বকে ধারণ করতে পারেন তিনিই বড় মানুষ। শাহ আবদুল করিম ছিলেন তেমনই একজন বড় মানুষ। আমাদের বারবার তার কাছে ফিরে যেতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহ আবদুল করিম জন্মশত বার্ষিকী উদযাপন জাতীয় কমিটির আহ্বায়ক গোলাম কুদ্দুস, নাট্যব্যক্তিত্ব ঝুনা চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, সিলেটের জেলা প্র্রশাসক জয়নাল আবেদীন।

এতে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান আয়োজক কমিটির সদস্য সচিব শিল্পী জামাল উদ্দিন হাসান বান্না।

আলোচনা পর্বের শুরুতে শতশিল্পীর কণ্ঠে করিমের গান পরিবেশন করা হয়। এরপর জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় মূল অনুষ্ঠান। আলোচনা পর্ব শেষে আবদুল করিমের গান পরিবেশন করেন শিল্পীরা। তিনদিনব্যাপী এ অনুষ্ঠানে ঢাকা ও পশ্চিমবঙ্গের অনেক শিল্পী সঙ্গিত পরিবেশন করবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.