Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে কলেজ ছাত্রীকে ধর্ষণের হুমকি: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মহাসড়ক অবরোধ

নবীগঞ্জ প্রতিনিধি  |  ১১ জুন, ২০২৬

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় এক কলেজছাত্রীকে উত্যক্ত ও ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী।

বৃহস্পতিবার দুপুরে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সামনে থেকে “ছাত্র-ছাত্রী ও সচেতন এলাকাবাসী” ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি আউশকান্দি হীরাগঞ্জ বাজার প্রদক্ষিণ করে ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি কিবরিয়া চত্বরে গিয়ে অবস্থান নেয়।

পরে শিক্ষার্থী ও এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে সড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে প্রায় ১ ঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, ছাত্রদল কর্মী শাকিল আহমেদ ও তার সহযোগী শাহিন তালুকদার এক কলেজছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছেন এবং তাকে ধর্ষণের হুমকি দিয়েছেন। এ ঘটনায় অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

খবর পেয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। তিনি অভিযোগের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং জড়িতদের গ্রেফতারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেন। এরপর ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.