Sylhet Today 24 PRINT

ফেসবুকে জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করেন মাহদী হাসান, করেন খালেদা জিয়ার প্রশংসা

সিলেটটুডে ডেস্ক |  ১২ জুন, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের পিতা, সাবেক প্রেসিডেন্ট ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে কটূক্তি করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সদস্যসচিব মাহদী হাসান এবং ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

এ ঘটনায় ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে ধাওয়া ও হামলা চেষ্টার অভিযোগ তুলেছেন মাহদী হাসান। তবে অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে জেলা ছাত্রদল।

গত সোমবার (৮ জুন) বিকেলে মাহদী হাসান তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘আমি ব্যক্তিগতভাবে ঐতিহাসিক গাদ্দারীর জন্য মেজর জিয়াউর রহমানকে প্রচণ্ডরকমভাবে অপছন্দ করি। কিন্তু বেগম জিয়া, এক অসাধারণ দেশপ্রেমিক মানুষ। জীবন শেষ হয়েছে হাসপাতালে। জেলের স্তব্ধ কুটিরের জীবন কাটিয়ে ও তিনি আপোষ করেননি। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন।’

স্ট্যাটাসটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। অনেকে মাহদী হাসানকে সংযত হওয়ার আহ্বান জানান।

হবিগঞ্জ পৌর ছাত্রদলের নেতা এনামুল হক মোরাদী ফেসবুকে লেখেন, ‘শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কটূক্তি করায় সমন্বয়ক মাহদীর একটা হাত যে কাটতে পারবে, তাকে নগদ ৫০ হাজার টাকা পুরস্কৃত করা হবে।’

এছাড়া ছাত্রদল নেতা মোজাক্কির ইমন এক পোস্টে লেখেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব মাহাদীকে বলতে চাই, এখনও সময় আছে সংযত হন। সম্প্রতি শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে আপনি যে মন্তব্যগুলো করেছেন, সেগুলো আমাদের মোটেও ভালো লাগেনি।’

বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রদলের সদস্যসচিব আশরাফুজ্জামান রিয়াজও এক পোস্টে মাহদীকে সংযত হওয়ার আহ্বান জানিয়ে লেখেন ,‘পিপীলিকার পাখা গজায় মরিবার তরে। সম্প্রতি শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে তুমি যে মন্তব্যগুলো করেছ, সেগুলো আমাদের মোটেও ভালো লাগেনি।’

মঙ্গলবার (৯ জুন) বিকেলে বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইফ শিমুল একটি ভিডিও পোস্ট করে লেখেন, ‘মাহদী ভাইয়ের এলাকায় বিকেলের হাওয়া খাইতে গেছিলাম আমি আর ইমন। কিন্তু ভাইকে না পেয়ে হতাশ, আমরা ভাবছিলাম একটু চা খেয়ে আসবো ভাইয়ের সাথে।’

রিংগন বলেন, ‘কয়েকদিন আগে দেওয়া একটি ফেসবুক স্ট্যাটাস থেকে শুরু করে লাইভ পর্যন্ত পুরো বিষয়টি নিজেকে আলোচনায় আনা ও ভাইরাল হওয়ার অপচেষ্টা ছাড়া কিছু নয়।’

মাহদী হাসান জানান, এ ঘটনায় বৃহস্পতিবার পর্যন্ত থানায় কোনো মামলা বা লিখিত অভিযোগ হয়নি। তবে তিনি জীবনের নিরাপত্তা চেয়ে জিডি ও মামলার প্রস্তুতি নিচ্ছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.