Sylhet Today 24 PRINT

ব্রাজিলিয়ানদের কাঁপিয়ে দিয়ে আলোচনায় আইয়ুব বুয়াদ্দি

সিলেটটুডে ডেস্ক |  ১৪ জুন, ২০২৬

মরক্কোর জার্সিতে রোববারই প্রথম মাঠে নামেন আইয়ুব বুয়াদ্দি। বিশ্বকাপের মতো মঞ্চে প্রতিপক্ষ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আন্তর্জাতিক ফুটবলে অভিষেক ম্যাচেই নিজের আগমনী বার্তার জানান দিয়েছেন ১৮ বছর বয়সী এই তরুণ। নিউইয়র্কের মেটলাইফে রোববার বুয়াদ্দির পারফরম্যান্সের সামনে কাসেমিরো, ব্রুনো গিমারাইসদের মতো তারকারাও রীতিমতো ম্লান হয়ে যান।

ব্রাজিলের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ১-১ গোলে ড্র করেছে মরক্কো। কিন্তু ফলাফলের ছাপিয়ে আলোচনায় উঠে এসেছে বুয়াদ্দির নাম। এদিন পুরো ৯০ মিনিট মাঠ চষে বেড়িয়েছেন এই তরুণ। রক্ষণ থেকে আক্রমণ, সর্বত্রই ছিল তার সরব উপস্থিতি। ম্যাচের ৬৬টি পাসের মধ্যে সফল ৬১টি। আর ফাইনাল থার্ডে ১৬টি পাসের সবকটিই দিয়েছেন নির্ভুলভাবে। ৬টি বল রিকভার করেছেন, পাঁচবার আটকে দিয়েছেন কাসেমিরোদের পাস। অভিষেক ম্যাচে এমন পারফরম্যান্স করা তরুণকে নিয়ে আলোচনা হওয়াটাই বরং স্বাভাবিক।

অথচ কয়েক মাস আগেও বুয়াদ্দি মরক্কোর হয়ে খেলবেন কি না নিশ্চিত ছিল না। বুয়াদ্দির জন্ম ফ্রান্সে। বয়সভিত্তিক দলে খেলেছেন ফ্রান্সের হয়ে। তবে বাবা-মায়ের জন্মসূত্রে মরক্কোর প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আফ্রিকার দেশটিকেই বেছে নেন তিনি। বিশ্বকাপের মাত্র কয়েক মাস আগে আনুষ্ঠানিকভাবে মরক্কোর হয়ে খেলার অনুমতি পান এই তরুণ। এরপরও বিশ্বকাপের মতো মঞ্চে তাকে একাদশে রাখতে দ্বিধা করেননি মরক্কোর কোচ মোহাম্মদ ওয়াহবি।

ম্যাচ শেষে ওয়াহবি বলেন, ‘না, ওর বয়স ১৮ হলেও ওকে নামানো নিয়ে কোনো ঝুঁকি ছিল না। আমি বয়স দেখে দলে নিইনি ওকে, পারফরম্যান্স দেখে নিয়েছি।’

সেই পারফরম্যান্সের পরিচয় ফ্রান্সের ঘরোয়া ফুটবলে আগেই পেয়েছে বিশ্ব। লিলের হয়ে মাত্র ষোলো বছর বয়সে ফরাসি লিগে অভিষেক হয়েছিল তাঁর। ফরাসি লিগের ইতিহাসে তাঁর চেয়ে কম বয়সে অভিষেক হয়েছে মাত্র তিনজনের।

ফ্রান্সের ঘরোয়া ফুটবলের মাধ্যমে বুয়াদ্দির প্রতিভার আভাস আগেই পাওয়া গিয়েছিল। ফরাসি ক্লাব লিলের হয়ে মাত্র ১৬ বছর বয়সে অভিষেক হয় তার। ফরাসি লিগের ইতিহাসে এর চেয়ে কম বয়সে অভিষেক হয়েছে মাত্র তিন ফুটবলারের।

উয়েফা চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে লিলের ১-০ গোলের জয়ে বুয়াদ্দির পারফরম্যান্স অনেকেরই নজর কাড়ে। এরপরই ডাক পড়ে মরক্কোর জাতীয় দলে। বিশ্বকাপের মতো মঞ্চে ব্রাজিলের মতো দলের বিপক্ষে নিজের প্রথম ম্যাচেই তিনি বুঝিয়ে দিলেন, মরক্কো হয়তো তাদের ভবিষ্যতের বড় তারকাকে খুঁজে পেয়ে গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.