Sylhet Today 24 PRINT

এক যুবকের ‘নিখোঁজে’ জকিগঞ্জ সীমান্তে উত্তেজনা, ভারতীয় কৃষককে ‘তুলে আনেন’ স্থানীয়রা

নিজস্ব প্রতিবেদক |  ১৭ জুন, ২০২৬

ফাইল ছবি

এক যুবকের নিখোঁজ হওয়া নিয়ে সিলেটের জকিগঞ্জ উপজেলার উত্তরকুল সীমান্তে বাংলাদেশী ও ভারতীয় নাগরিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয়দের অভিযোগ, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত হয়েছেন ডিপজল নামের ওই যুবক। তার মরদেহ সীমান্তের ওপারে আটকে রাখা হয়েছে। যদিও এমন অভিযোগের সত্যাতা এখনও খুঁজে পায়নি বিজিবি।

এদিকে, এই ঘটনার জেরে মঙ্গলবার (১৬জুন) সীমান্তবর্তী ভারতীয় এক নাগরিককে ‘তুলে নিয়ে আসেন’ বাংলাদেশীরা। এ নিয়ে দুই দেশের সীমান্তবর্তী লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পরে মঙ্গলবার রাত ১০টার দিকে রঞ্জিত দাস (৬৫) নামের ওই ভারতীয় নাগরিককে উত্তরকুল সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে তাঁকে হস্তান্তর করা হয়।

নিখোঁজ ডিপজল আহমদ বারঠাকুরী ইউনিয়নের দিগালিগ্রামের আহমদ আলীর ছেলে। তিনি এখনও নিখোঁজ রয়েছেন বলে বুধবার দুপুরে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে তিনি কীভাবে নিখোঁজ হয়েছেন তা নিশ্চিত করে জানতে পারেনি বিজিবি।

‎‎স্থানীয়দের দাবি, গত রোববার রাতে ডিপজলসহ কয়েকজন যুবক ভারতের অভ্যন্তরে যান। ফেরার পথে ভারতের বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে এবং গুলি চালায়। এ সময় ডিপজলের সঙ্গে থাকা অন্যরা পালিয়ে দেশে ফিরলে ডিপজল নিখোঁজ রয়েছেন। বিএসএফের গুলিতে ডিপজলের মৃত্যু হয়েছে বলে দাবি করছেন স্থানীয়রা।

এদিকে, ডিপজলের সন্ধান না পাওয়ায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দিলে মঙ্গলবার সীমান্ত এলাকা থেকে এক ভারতীয় কৃষক রঞ্জিত দাসকে তুলে আনেন উত্তেজিত জনতা। এ সময় তাকে মারধরও করা হয় বলে জানা গেছে। পরে মঙ্গলবার রাতেই বিজিবির মাধ্যমে তাকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো. আব্দুল মুকিত বলেন, সীমান্তের ওপারে কয়েকজন যুবক অতিক্রম করলে বিএসএফ তাদেরকে লক্ষ্য করে গুলি করে। এসময় তিনজন পালিয়ে এলেও একজন নিখোঁজ রয়েছেন। যারা এসেছেন তারা দাবি করছেন নিখোঁজ যুবককে গুলি করে মেরে ফেলে মরদেহ আটকে রেখেছে বিএসএফ।

তিনি বলেন, নিখোঁজ যুবককে ফেরত না দেওয়ায় মঙ্গলবার উত্তেজিত হয়ে স্থানীয়রা ভারতীয় একজন নাগরিককে তুলে নিয়ে আসেন। এ ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

‎‎বারঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু জানান, ‘ঘটনাটি নিয়ে এলাকায় তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয়রা ভারতীয় এক নাগরিককে তুলে এনছিলেন। পরে মঙ্গলবার রাতে তাকে বিজিবির মাধ্যমে ফেরত দেওয়া হয়েছে।’

তিনি বলেন, বাংলাদেশি যুবক নিখোঁজের বিষয়টি সমাধান হয়নি। সে জীবিত নাকি মৃত সেটা আনুষ্ঠানিকভাবে জানা যায়নি।

‎জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, উত্তরকুল সীমান্ত এলাকার লোকজন দাবি করছেন সীমান্তের ওপারে একজনকে গুলি করে মারা হয়েছে। কিন্তু এ নিয়ে কেউ কোনো অভিযোগ দেয়নি।

এ বিষয়ে জ‌কিগঞ্জ ব‌্যাটা‌লিয়ন ১৯ বি‌জি‌বির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার বুধবার দুপুরে বলেন, ওই যুবক এখনও নিখোঁজ রয়েছেন। তিনি কীভাবে নিখোঁজ হয়েছেন তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

তিনি বলেন, স্থানীয়রা গুলিতে হত্যার অভিযোগ করেছেন। তবে এরকম কোন প্রমাণ এখনও আমরা পাইনি। বিএসএফও এরকম কিছু স্বীকার করেনি। এব্যাপারে আমরা খোঁজ খবর নিচ্ছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.