নিজস্ব প্রতিবেদক | ১৭ জুন, ২০২৬
মৌলভীবাজারের বিএনপি নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৭ জুন) সন্ধ্যায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল রোডের গিয়াসনগরের নিতেশ্বরে অবস্থিত এম সাইফুর রহমান কনভেনশন হলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে মৌলভীবাজার জেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দের অংশ নেন।
মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান তৃণমূল পর্যায় থেকে জেলা পর্যায়ের সাংগঠনিক শক্তি বৃদ্ধির উপর জোর দেন। প্রধানমন্ত্রী নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান।
বৈঠকে সমাজকল্যাণমন্ত্রী এজেডএম জাহিদ হোসেন, সংসদ সদস্য এম নাসের রহমানসহ জেলার নেতারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মৌলভীবাজার থেকে সড়ক পথে সিলেটের উদ্দেশ্যে রওনা হন। পরে তিনি সিলেট এম এ জি উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন।
এরআগে বুধবার সকালে বিমানযোগে সিলেট আসেন প্রধানমন্ত্রী। সিলেট থেকে সড়কপথে যান মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। সেখানকার ভিক্টরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানের ৩য় পর্যায়ের উদ্বোধন করেন। সেখানে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। এরপর বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সারাদেশে একযোগে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানের ৩য় পর্যায়ের উদ্বোধন করেন এবং জনসভায় বক্তব্য রাখেন। পরে অসুস্থ সাবেক এমপি খালেদা রব্বানীকে দেখতে তার বাসায় যান।