Sylhet Today 24 PRINT

জ্বালানি তেল-বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো র দাবি সমাজতান্ত্রিক দলের

সিলেটটুডে ডেস্ক |  ১৯ জুন, ২০২৬

জ্বালানি তেল-বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত অসম বাণিজ্য চুক্তি বাতিল করার দাবিতে নগরীতে বিক্ষোভ করেছে সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) সিলেট শাখা।

শুক্রবার বিকালে এসব দাবিতে সিলেট শহীদ মিনার হতে আম্বরখানা অভিমুখে মিছিল ও সমাবেশ করে দলটি।

দলের জেলা কমিটির সদস্য সুমিত কান্তি দাসের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) সিলেট জেলার সমন্বয়ক সঞ্জয় কান্ত দাস। এ সময় বক্তব্য রাখেন দলের জেলা কমিটির সদস্য ও চা শ্রমিক ঐক্য কেন্দ্রীয় কমিটির সভাপতি অজিত রায়, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সাধারণ সম্পাদক বুশরা সোহেল, এম.সি কলেজ শাখার নেতা দোয়েল রায়, মঞ্জুর রহমান রিপন প্রমুখ।

​সমাবেশে বক্তারা বলেন, "নতুন সরকারের কাছে প্রত্যাশা ছিল তারা অতীতের মতো জনগণের কাঁধে মূল্যবৃদ্ধির বোঝা চাপাবে না। ক্ষমতা গ্রহণের পর সরকারের তরফ থেকে বলা হয়েছিল আগামী ২ বছর বিদ্যুতের দাম বাড়ানো হবে না। কিন্তু সে কথা ভুলে মাত্র ৩ মাসের মধ্যে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। ফলে সংশ্লিষ্ট সকল পণ্যদ্রব্যের দাম বাড়বে। সম্প্রতি সরকার যে বাজেট ঘোষণা করেছে, সেখানেও জনগণের উপর কর ও ঋণের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে; নারী ও শিশু নির্যাতন ভয়াবহ আকার ধারণ করেছে। দিনের আলোয়, সকলের চোখের সামনে ফিল্মি কায়দায় হত্যাকাণ্ড প্রায় প্রতিদিনই ঘটছে। সরকারকে অবিলম্বে জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।"

​তারা বলেন, "অপরদিকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর গণতান্ত্রিক সংস্কারের কাজ ঝুলিয়ে রাখা হয়েছে। বিএনপি নির্বাচনী ইশতেহারে সংবিধান ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কারের যেসকল বিষয়ে ওয়াদা করেছিল এবং যেসব বিষয়ে ঐকমত্য কমিশনে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছিল, সেগুলোও তারা বাস্তবায়ন করছে না। বিরোধী দল জামায়াতে ইসলামী সংস্কারের বিষয়ে খুব সরব ভাব দেখালেও সেটা তারা মূলত ক্ষমতায় যাওয়ার স্বার্থেই করছে। সংস্কার তাদের কাছে রাজনৈতিক দরকষাকষির হাতিয়ার। আওয়ামী লীগ বিরোধী দীর্ঘ আন্দোলনের সময় কোনো পর্যায়েই জামায়াতের পক্ষ থেকে সংস্কারের কোনো প্রস্তাবনা আসেনি। সংবিধানে দেশের মানুষের মৌলিক অধিকারের কোনো স্বীকৃতি দেওয়া হয়নি, আইনি বাধ্যবাধকতা তৈরি করা হয়নি। অন্তর্বর্তীকালীন সরকার এসবের বিষয়ে কোনো উদ্যোগ না নিয়ে রাষ্ট্রের ইতিহাস পাল্টানোর কাজে মনোনিবেশ করেছে। অথচ এটা তাদের কাজ ছিল না। নিজের মতো করে ইতিহাস লিখতে এবং তাকেই একমাত্র ইতিহাসে পরিণত করতে চেয়েছিলেন শেখ হাসিনা; তার পরিণতি আমরা দেখেছি। একই প্রচেষ্টা অন্য কেউ করলে তারও পরিণতি একই হবে।"

​বক্তারা আরোও বলেন, "নির্বাচনের মাত্র ৩ দিন আগে এখতিয়ারের বাইরে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অসম বাণিজ্য চুক্তি করে অন্তর্বর্তীকালীন সরকার। নামে বাণিজ্য চুক্তি হলেও এটি বাস্তবে একটি দাসত্বের দলিল। তাই এই চুক্তি বাতিল করা জরুরি। একই সাথে আমরা দেখছি সিলেটের সারি, পিয়াইনসহ বিভিন্ন নদীর উজানে ভারত নানা ধরনের প্রকল্প চালু করে পানি প্রত্যাহার করছে, যা সিলেট অঞ্চলকে শুকিয়ে মারবে। এ জন্য সরকারের তড়িৎ পদক্ষেপ গ্রহণ করা জরুরি।"

​নেতৃবৃন্দ এ সকল বিষয়ে সরকারের দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানান এবং একই সাথে জনগণকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.