Sylhet Today 24 PRINT

বাহুবলে ৪ শিশু হত্যা: দুই আসামী ১০ দিনের রিমান্ডে

হবিগঞ্জ থেকে নিজস্ব প্রতিবেদক  |  ১৮ ফেব্রুয়ারী, ২০১৬

হবিগঞ্জের বাহুবলের সুন্দ্রাটিকি গ্রামে ৪ শিশুকে অপহরণ করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত দুই আসামী আব্দুল আলী ও জুয়েল আহমদকে ১০ দিনের জিজ্ঞাসাবাদের জন্য নিয়েছেন পুলিশে হেফাজতে দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল জজ কাওসার আলমের আদালতে তোলা হলে তাদের এই রিমান্ড মঞ্জুর করা হয়। গ্রেপ্তারকৃত দুই আসামীই একই এলাকার বাসিন্দা।

এদিকে ৪ শিশুর পরিবারে এখনো চলছে মাতম, আহাজারি। পুরো এলাকাতেই বিরাজ করছে শোকের আবহ। এই নির্মম হত্যাকাণ্ডে যেন বাকরুদ্ধ হয়েগেছে পুরো সুন্দ্রাটিকি গ্রাম।

গত শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বাড়ির পাশের মাঠে খেলতে গিয়ে নিখোঁজ হয়েছিলো ৪ শিশু। বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে হবিগঞ্জের বাহুবল উপজেলার একটি বিল থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় এই ৪ শিশুর মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় লোকজন মরদেহ দেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহগুলো উদ্ধার করে।

নিহত চার শিশু হলো- বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র জাকারিয়া শুভ (৮), প্রথম শ্রেণির ছাত্র মনির মিয়া (৭), চতুর্থ শ্রেণির ছাত্র তাজেল মিয়া (১০) ও সুন্দ্রাটিকি মাদ্রাসার ছাত্র ইসমাইল মিয়া (১০)। এদের মধ্যে তিনজন সম্পর্কে আপন চাচাতো ভাই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.