Sylhet Today 24 PRINT

শ্রী রামচন্দ্রের প্রতিকৃতি অবমাননার প্রতিবাদে বড়লেখায় মানববন্ধন ও বিক্ষোভ

মৌলভীবাজার প্রতিনিধি |  ২২ জুন, ২০২৬

ছবি: সংগৃহীত

ভগবান শ্রী রামচন্দ্রের প্রতিকৃতি অবমাননা এবং গাইবান্ধাসহ দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ভাঙচুর ও ধ্বংসের হুমকির প্রতিবাদে মৌলভীবাজারের বড়লেখায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত শনিবার বড়লেখা পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বড়লেখা উপজেলা শাখার সভাপতি বিধান চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার পাল, পৌর শাখার সদস্যসচিব উজ্জ্বল ঘোষ, উপজেলা শাখার সহসভাপতি স্বপন দে, সহসাধারণ সম্পাদক গৌতম গুপ্ত, কোষাধ্যক্ষ মুক্তালাল বিশ্বাস এবং সাংস্কৃতিক সম্পাদক তপন চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বড়লেখা পৌর শাখার আহ্বায়ক সঞ্জিত দেবনাথ, সদস্য বিশ্বজিৎ দেব বিধানসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ এবং ভ্রাতৃপ্রতিম বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকারকে বেকায়দায় ফেলতে একটি মহল পরিকল্পিত ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা শ্রী রামচন্দ্রের প্রতিকৃতি অবমাননার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি দাবি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.