নিজস্ব প্রতিবেদক | ২৩ জুন, ২০২৬
সিলেটের সাবেক জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম দায়িত্ব থেকে প্রত্যাহারের একদিন পর ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ঢাকার উদ্দেশে যাত্রা করবেন।
সিলেট ছাড়ার আগে মঙ্গলবার (২৩ জুন) নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দেন তিনি। এতে লেখেন— ‘বিদায় সিলেট। ভালো থাকুন সিলেটবাসী। আপনাদের ভালোবাসায় আমি ধন্য।’
জেলা প্রশাসন সূত্র জানায়, দুপুর ১টার দিকে তিনি সিলেটের সরকারি বাসভবন ত্যাগ করে বিমানবন্দরের দিকে রওনা দেন। পরে দুপুর ২টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে তার ঢাকায় যাওয়ার কথা রয়েছে।
এর আগে, সোমবার বিকেল ৫টার দিকে তিনি সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। দায়িত্ব ছাড়ার পর জেলা প্রশাসকের কার্যালয়ে বিদায়ী আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
জানা গেছে, নতুন জেলা প্রশাসক যোগদান না করা পর্যন্ত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, গত রোববার সরকার মো. সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসকের পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করে। সিলেট থেকে প্রত্যাহারের পর পরই রোববার সারওয়ার আলম জানিয়েছিলেন সোমবার তিনি মন্ত্রণালয়ে যোগ দেবেন। তবে আজ মঙ্গলবার তার জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদানের কথা রয়েছে।