Sylhet Today 24 PRINT

চার দিনের সফরে কাল সিলেটে আসছেন প্রবাসী কল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক |  ২৩ জুন, ২০২৬

চার দিনের সফরে আগামীকাল বুধবার সিলেটে আসছেন প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। সফরকালে তিনি বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং সামাজিক সহায়তা কর্মসূচিতে অংশ নেবেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক দপ্তর আদেশে এ সফরসূচি জানানো হয়েছে।

সফরসূচি অনুযায়ী, আগামীকাল বুধবার (২৪ জুন) দুপুর তিনটার দিকে ঢাকা থেকে বিমানযোগে সিলেটে এসে পৌঁছাবেন তিনি। এদিন বিকেলে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের জন্য স্থাপিত বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ উদ্যোগগুলো পরিদর্শন করবেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সভায় অংশ নেবেন।

পরদিন বৃহস্পতিবার (২৫ জুন) সকালে সিলেট আদালতে বিচারাধীন একটি মামলায় হাজিরা দিবেন। পরে বিকেলে সিলেট সদর উপজেলায় মন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিলের অনুদান বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।

তৃতীয় দিন শুক্রবার (২৬ জুন) দিনব্যাপী জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন মন্ত্রী। এর মধ্যে রয়েছে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ, স্বেচ্ছাধীন তহবিলের অর্থ বিতরণ এবং দুর্যোগ পরিস্থিতিতে মোবাইল টয়লেট ও সেলাই মেশিন বিতরণ। এছাড়া জাফলংয়ে একটি ট্রিটমেন্ট প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন, ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে মানবিক সহায়তা বিতরণ, গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইসিজি মেশিন প্রদান এবং বড়ছড়া এলাকায় একটি এইচবিবি রাস্তার উদ্বোধন করবেন তিনি।

সফরের শেষ দিন শনিবার (২৭ জুন) শনিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর সিলেট আগমণ উপলক্ষে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন আরিফুল হক চৌধুরী। পরে রাতে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে ঢাকায় ফেরার কথা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.