Sylhet Today 24 PRINT

ধর্ম অবমাননার অভিযোগে সুনামগঞ্জে উত্তেজনা, যুবক আটক

নিজস্ব প্রতিবেদক |  ২৩ জুন, ২০২৬

সুনামগঞ্জের তাহিরপুরে এক যুবকের বিরুদ্ধে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ ওঠেছে।

অভিযুক্ত যুবকের (২৫) শাস্তির দাবিতে উপজেলার বাদাঘাটে মঙ্গলবার বিক্ষোভ করে স্থানীয়রা। এরপর পুলিশ হিন্দু ধর্মাবলম্বী ও যুবককে আটক করে থানায় নিয়ে যায়।

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে বাদাঘাট বাজারের মুক্তার মিয়ার তেলের দোকান থেকে পুলিশ তাকে হেফাজতে নেয়। এ সময় বাজার এলাকায় বিপুলসংখ্যক মানুষ জড়ো হয়ে অভিযুক্তের বিচারের দাবিতে বিক্ষোভ করে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয়দের অভিযোগ, মঙ্গলবার সকালে ওই যুবক ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে আপত্তিকর মন্তব্যসংবলিত একটি পোস্ট করেন। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। পরে তার গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাদাঘাট বাজারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর সন্ধ্যার দিকে একদল উত্তেজিত ব্যক্তি ওই যুবকের বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান এবং স্থানীয় একটি মন্দিরে হামলা ও ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বাদাঘাট বাজার বণিক সমিতির সভাপতি নজরুল ইসলাম সিকদার বলেন, পরিস্থিতি অস্বাভাবিক হয়ে ওঠায় ধর্ম অবমাননার অভিযোগে এক যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে একটি চক্র এ ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি আরও ঘোলাটে করার চেষ্টা করছে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ধর্ম অবমাননার অভিযোগে এক যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি সকলকে গুজব, উসকানিমূলক প্রচার ও আইন নিজের হাতে তুলে না নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.