Sylhet Today 24 PRINT

জাফলংয়ে হচ্ছে মিনি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আরিফ

গোয়াইনঘাট প্রতিনিধি |  ২৬ জুন, ২০২৬

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের রসুলপুর ও আশপাশ এলাকার মানুষের দীর্ঘদিনের নিরাপদ সুপেয় পানির সংকট নিরসনে ১ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে একটি মিনি ওয়াটার সাপ্লাই ট্রিটমেন্ট প্লান্ট (সারফেস ওয়াটার) নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) বিকেলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, সরকারের মূল লক্ষ্য হচ্ছে জনগণের দোরগোড়ায় মৌলিক সেবা পৌঁছে দেওয়া। রসুলপুরসহ আশপাশ এলাকার মানুষের দীর্ঘদিনের সুপেয় পানির কষ্ট লাঘবে এই প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি দ্রুততম সময়ের মধ্যে প্রকল্পের নির্মাণকাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রকল্পটি বাস্তবায়িত হলে রসুলপুর ও পার্শ্ববর্তী এলাকার বিপুলসংখ্যক মানুষ নিরাপদ ও বিশুদ্ধ পানির সুবিধা ভোগ করবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.