Sylhet Today 24 PRINT

আজ চার ঘন্টার সফরে সিলেট আসছেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক |  ২৮ জুন, ২০২৬

আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৬ উপলক্ষে কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিতে আজ রোববার (২৮ জুন) এক দিনের সফরে সিলেট আসছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত সফরসূচি অনুযায়ী, রোববার সকাল ৬টা ৪৫ মিনিটে ঢাকার সরকারি বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেবেন মন্ত্রী। সকাল ৭টা ১৫ মিনিটে বিমানযোগে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করে সকাল ৮টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

সকাল ৮টা ৪৫ মিনিটে সিলেট নগরের মেন্দিবাগে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড অডিটোরিয়ামে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেবেন তিনি। সভায় এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত এবং শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে বলে জানা গেছে।

সভা শেষে সকাল ১১টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেবেন শিক্ষামন্ত্রী। সকাল ১১টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে বিমানযোগে যাত্রা করে দুপুর ১২টা ২০ মিনিটে রাজধানীতে পৌঁছাবেন। এরপর দুপুর ১২টা ৫০ মিনিটে জাতীয় সংসদের অধিবেশনে অংশ নেবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.