নিজস্ব প্রতিবেদক | ২৮ জুন, ২০২৬
সিলেটের জকিগঞ্জ উপজেলার উপজেলার বারোঠাকুরী ইউনিয়নের সোনাসার এলাকায় যৌথ অভিযানে জব্দ ১১টি ডেটোনেটর, ১১টি এক্সপ্লোসিভ (বিস্ফোরক) ও একটি ওয়ান শুটার গান। ছবি: খবরের কাগজ
সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলার বারোঠাকুরী ইউনিয়নের সোনাসার এলাকায় যৌথ অভিযানে ১১টি ডেটোনেটর, ১১টি এক্সপ্লোসিভ (বিস্ফোরক) ও একটি ওয়ান শুটার গান জব্দ করা হয়েছে।
শনিবার (২৭ জুন) রাত ১০টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এসব জব্দ করে।
১৯ বিজিবি জানায়, জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধীন বিয়াবাইল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শূন্যরেখা থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে যৌথ অভিযান চালানো হয়। অভিযানে সোনাসার ব্রিকস ফিল্ড এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১১টি ডেটোনেটর, ১১টি এক্সপ্লোসিভ (বিস্ফোরক) ও একটি ওয়ান শুটার গান জব্দ করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
এ বিষয়ে বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার বলেন, জব্দ করা বিস্ফোরকগুলো চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, বিজিবির গোয়েন্দা তৎপরতা, আভিযানিক কার্যক্রম ও সতর্ক অবস্থানের কারণেই এই চোরাচালান প্রতিহত করা সম্ভব হয়েছে।