Sylhet Today 24 PRINT

জনকণ্ঠ’র সম্পাদক,নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে মৌলভীবাজারে মামলা

মৌলভীবাজার প্রতিনিধি |  ১৮ ফেব্রুয়ারী, ২০১৬

দৈনিক জনকণ্ঠ’র সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদ ও নির্বাহী সম্পাদক স্বদেশ রায়ের বিরুদ্ধে মৌলভীবাজার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে ১ নং আমলী আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বাহাউদ্দিন কাজীর আদালতে মামলাটি দায়ের করেন অ্যাডভোকেট আব্দুল মুমিত চৌধুরী।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ৪ ফেব্রুয়ারি জনকন্ঠ পত্রিকায় উপসম্পাদকীয়তে সুপ্রিম কোর্ট,প্রধান বিচারপতি তথা সমগ্র বিচারাঙ্গনকে নিয়ে মানহানিকর বক্তব্য প্রকাশ করা হয়েছে। এর জন্য সংক্ষুব্ধ আইনজীবী মামলাটি দায়ের করেছেন। চীফ জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালতের বিচারক বাহাউদ্দিন কাজী মামলাটি আমলে নিয়ে সমন জারি করেছেন।

সমনে জনকন্ঠ পত্রিকার সম্পাদক ও নির্বাহী সম্পাদকে আগামী ১৬ মার্চ ২০১৬ইং তারিখে হাজির হওয়ার নির্দেশ দেন আদালত।

মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সহ সভাপতি অ্যাডভোকেট চাঁদ মুরাড়ী সিংহ জানান, চলতি বছরের ৪ ফেব্রুয়ারি দৈনিক জনকণ্ঠ পত্রিকায় উপ-সম্পাদকীয় কলামে ‘অবসরের পরে রায় লেখা’ ॥ এজেন্ডা খালেদার বাস্তবায়নের দায় এখন নতুন কাঁধে- এ কথা লিখায় প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টকে অবমাননা করা হয়। এ কারণে মামলাটি দায়ের করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.