Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

বিয়ানীবাজার প্রতিনিধি  |  ০২ জুলাই, ২০২৬

সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের কাঠলিপুল এলাকায় বৃহস্পতিবার সকালে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি ঘটনাস্থলে নিহত হয়েছেন। এই সড়ক দুর্ঘটনায় আরও দুইজন ব্যক্তি আহত হয়েছেন।

স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যাবস্থা করেন। নিহত কালাই মিয়া (৫৫) কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের ফালজুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী বলে জানা গেছে।

জানা যায়, সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক সড়কের চারখাই এলাকায় জকিগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটমুখী একটি বাসের সাথে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে পড়ে যায়। এ ঘটনায় একজন নিহত এবং আরও দুইজন আহত হন। সড়ক দুর্ঘটনার খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, বৃহস্পতিবার সকালে বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়। নিহত ব্যক্তিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।স্থানীয়দের সহযোগিতায় আহতদের দুজনকে উদ্ধার করে চিকিৎসার ব্যাবস্থা করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.